বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : সামাজিক মাধ্যমে উসকানিমূলক ভিডিও ও ছবি পোস্ট করে জনশান্তি বিনষ্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। ধৃত ব্যক্তি জেলার বাউয়ারঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা জয়নুল উদ্দিন লস্কর (৩০) বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে জয়নুল উদ্দিন লস্কর ‘hkd bangla media’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। ওই অ্যাকাউন্টের মাধ্যমে ধারাবাহিকভাবে এমন কিছু ভিডিও ও ছবি পোস্ট করা হচ্ছিল, যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তির পরিবেশ তৈরি করার আশঙ্কা ছিল। বিষয়টি পুলিশের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। এরই ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ ২২/২০২৬ নম্বরে এক মামলা রুজু করে, ও ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১), ২৯৯, ১৫২, ৩৫৩(২) এবং ৩(৫) ধারায় অভিযোগ আনে। সংশ্লিষ্ট ধারাগুলি জনশান্তি ভঙ্গ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, উসকানিমূলক কার্যকলাপ এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত।
পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে কেউ যাতে সমাজে অশান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট করেছে পুলিশ প্রশাসন।



