শ্রীগৌরীতে ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : বদরপুর থানার অন্তর্গত শ্রীগৌরী টানিং এলাকায় ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল এক কিশোর। শুক্রবার বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ ৩৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ বছর বয়সী আরিমুল বড়ভূইয়ার। গুরুতরভাবে আহত হন তাঁর মামা কমর উদ্দিন। একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে পুনরায় প্রাণহানির ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাটিগড়া গুমড়া সরসপুর গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন বড়ভূইয়ার পুত্র আরিমুল বড়ভূইয়া শ্রীগৌরীতে মামার বাড়ি থেকে এএস ১০ জি ০৯০২ নম্বরের বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অভিযোগ, সেই সময় শ্রীভূমির দিক থেকে দ্রুতগতিতে আসা এএস ০১ আরসি ৫৩০৯ নম্বরের একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতায় বাইকের পেছনে বসে থাকা আরিমুল ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত কমর উদ্দিনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার খবর পেয়ে বদরপুর থানার ওসি তরঙ্গ পাটোয়ারি ও ট্রাফিক ইনচার্জ সুজিত সিংহা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতাল-এ পাঠিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত লরি ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, জাতীয় সড়কের ধারে অবৈধভাবে পার্কিং করে রাখা একটি লরির কারণে দৃশ্যমানতা কমে যায়। পাশাপাশি অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *