রাধামাধব কলেজকে বই দান লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : শুক্রবার শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরির ‘লায়ন্স বুক বেঙ্ক’ এ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কুড়িটি মূল্যবান বই দান করলো লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল। এদিন কলেজ কনফারেন্স হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত বই দান কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের বিভিন্ন কর্মকর্তা সহ কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এদিন নিজের স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের সকল কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন আপনাদের সকলকে আমাদের কলেজে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। তিনি বলেন, রেকর্ড অনুসারে, লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের সাথে ২০০১ সাল থেকে রাধামাধব কলেজের একটি দৃঢ় সম্পর্ক রয়েছে এবং আমরা অত্যন্ত গর্বিত যে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বই দান করার এই জনহিতকর প্রচেষ্টা গ্রহণ করেছে।  অধ্যক্ষ আরও বলেন লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল শিক্ষার্থী এবং সমাজের উন্নতির জন্য এতো সুন্দর এবং মহতী কাজ করেছেন তারজন্য তারা ধন্যবাদের পাত্র। বলেন আমাদের কলেজের সাথে বিদ্যমান বন্ধন পুনরুজ্জীবিত করতে আপনাদের প্রচেষ্টা এবং কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বই দান করার মানসিকতা তথা মহৎ উদ্দেশ্যের প্রতি আমরা কৃতজ্ঞ। 

এদিকে, লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের সভাপতি লায়ন সৌমিক সেন বলেন ২০১৫ সালের পর কিছু কারণে আমরা লায়ন্স বুক বেঙ্কে আর কোন বই দিতে পারিনি। তবে গত কয়েকদিন ধরে আমরা ভেবেছিলাম আমাদের আবার প্রোগ্রামটি শুরু করা উচিত এবং আমরা এব্যাপারে অধ্যক্ষ ম্যাডামের সাথে যোগাযোগ করেছি এবং উনার আন্তরিক সহযোগিতায় আমরা আজকে বই দান করতে পেরেছি। তিনি আশা প্রকাশ করে বলেন আমরা অদূর ভবিষ্যতেও বই দান করার এই ধারাবাহিকতা বজায় রাখব। 

নিজের বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পঙ্কজ পোদ্দার বলেন যখন থেকে আমরা মোবাইলের ব্যবহার শুরু করলাম তখন গুগলে সার্চ করে সব প্রশ্নের উত্তর সহজেই আমরা পেয়ে যাচ্ছি আর এতে করে বই পড়ার প্রতি সবার আগ্রহ কমে গেছে। কিন্তু পড়ুয়াদের ভাল নম্বর পেতে হলে শুধু মোবাইল দিয়ে কাজ হবে না, বই পড়ার আগ্রহ বাড়াতে হবে তবেই জীবনে সফলতা আসবে। তিনি বলেন, রাধামাধব কলেজের সাথে সুদীর্ঘ পঁচিশ বছরের যে সম্পর্ক সেটা পুনরুজ্জীবিত করতে বই দান করার মতো উদ্যোগ চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন লায়ন্স ক্লাব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র ছাত্রীদের জন্য বই দান করে তা এই প্রথম দেখেছেন এবং লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল প্রথম কোন সংস্থা যারা এধরণের উদ্যোগ নিয়েছে বলে জানান। এর থেকে জেলার অন্যান্য ক্লাব সংগঠন অনুপ্রাণিত হয়ে বই দান করার মতো মহৎ পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হবে বলে মত ব্যক্ত করেন লায়ন পঙ্কজ পোদ্দার।

এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের রিজিওনাল চেয়ারম্যান লায়ন প্রদীপ বণিক, জোন চেয়ারম্যান লায়ন প্রদীপ ঘোষ, লায়ন অরিন্দম ভট্টাচার্য, লায়ন ডাঃ সুব্রত নন্দী, লায়ন ত্রিনাথ দাস, লায়ন সুবোধরঞ্জন দেব, লায়ন জয়ন্ত দেব, লায়ন পাপন দেব, লায়ন ভবানী বণিক, লায়ন সোনালি বনিক, লায়ন নীরা শর্মা, লায়ন গুধুলি সেন, রাধামাধব কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. দেবাশিস রায়, রাধামাধব কলেজ টিচার্স কাউন্সিলের সম্পাদক ড. কালীপদ দাশ প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *