বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠন হলেও রাজ্যে অশান্তির আগুন এখনো সম্পূর্ণভাবে নেভেনি। সাম্প্রতিক সময়ে উখরুল জেলায় কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে। রবিবার রাত থেকে শুরু হওয়া এই হিংসাত্মক ঘটনায় উত্তেজিত জনতার বিরুদ্ধে একাধিক বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে। সমগ্র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন ইতিমধ্যে সান্ধ্য আইন জারি করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার নাগা জনগোষ্ঠীর এক যুবকের উপর হামলাকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূত্রপাত হয়। অভিযোগ, কুকি সম্প্রদায়ের সশস্ত্র বিদ্রোহীরা ওই হামলা চালায়। এর পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নেয়। উখরুল জেলার লিটন গ্রামে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে। সূত্রের খবর, সংঘর্ষ চলাকালীন কয়েক দফা গুলিচালনার শব্দও শোনা গেছে।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে উখরুল জেলা প্রশাসন রবিবার সন্ধ্যা ৭টা থেকে কার্যকর এক নির্দেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অশান্তিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিজ নিজ এলাকা ছেড়ে বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ, গোটা এলাকায় কার্যত সান্ধ্য আইন সদৃশ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।



