প্রচার শেষ, মঙ্গলবার ভোট বাংলাদেশে, শেষ দিনে মা-বাবার কবরে দোয়া তারেকের

১০ ফেব্রুয়ারি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকার ৮টি আসনে জনসভা করে এবারের নির্বাচনী প্রচারাভিযান শেষ করেছেন। সোমবার রাতে বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন তিনি। গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে বিএনপির নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। প্রায় ২০ দিনের এই প্রচারাভিযানের শেষ দিন সোমবার তিনি রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেন।

এ দিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে এই বিধিনিষেধ কার্যকর হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, গত ২২ জানুয়ারি শুরু হওয়া ২০ দিনের প্রচারণা পর্বের সমাপ্তি ঘটল। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ২৯৯টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে।

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে বাকি ২৯৯ আসনে ভোট হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন, এর মধ্যে স্বতন্ত্র ২৭৫ জন। সারা দেশে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি।

মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

দলভিত্তিক প্রার্থীর সংখ্যায় বিএনপি এগিয়ে—‘ধানের শীষ’ প্রতীকে ২৯১ জন। ইসলামি আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীকে ২৫৮ জন, জামায়াত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ২২৯ জন, জাতীয় পার্টি ‘লাঙ্গল’ প্রতীকে ১৯৮ জন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ৩২ জন প্রার্থী দিয়েছে। স্বতন্ত্রদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে লড়ছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো ধরনের প্রচার-প্রচারণা চালানো হলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *