মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : পাথারকান্দি শিক্ষা খণ্ডের অধীন বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাইস্কুলে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে নবম শ্রেণির পড়ুয়াদের মধ্যে সাইকেল বণ্টন করা হয়। রাজ্য সরকারের শিক্ষা ও সমাজকল্যাণমূলক উদ্যোগের অঙ্গ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৮০ জন পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সাইকেলগুলি বিতরণ করেন কলকলিঘাট গ্রাম পঞ্চায়েতের সভাপতি কল্প দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য পর্ষদের সদস্য শান্তিলাল সিনহা, আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি সন্তোষ কানু, শ্রীভূমি জেলা ওবিসি মোর্চার আইটি কনভেনার রোহন গোয়ালা এবং বিদ্যালয়ের অধ্যক্ষ প্রদীপ আচার্য সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গে উপস্থিত অতিথিরা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। তাঁরা বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষত ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করা, পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথা রোধে সরকার একাধিক সময়োপযোগী ও বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করেছে। এছাড়াও নিযুত মইনা সহ শিক্ষাখাতে সরকারের বিভিন্ন অভিলাষী প্রকল্প দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করছে।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত বিশিষ্টজনেরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনাকেই জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে নিয়মিত পঠন-পাঠনে মনোনিবেশ করতে হবে। শিক্ষার মাধ্যমেই ভবিষ্যতে নিজেদের পাশাপাশি সমাজ ও রাজ্যের উন্নয়নে অবদান রাখা সম্ভব। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও সম্মাননা জানানো হয়।



