৪ ফেব্রুয়ারি : দেশজুড়ে চর্চিত ‘এসআইআর’ ইস্যুতে এবার সরাসরি আইনি লড়াইয়ের ময়দানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ, বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানিতে সশরীরে উপস্থিত থেকে সওয়াল করতে চলেছেন তিনি (SIR Case Hearing), এমনটাই জল্পনা রয়েছে। আর তা সত্যি হলে দেশের বিচারবিভাগীয় ইতিহাসে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর এভাবে আদালতে দাঁড়িয়ে সওয়াল করার ঘটনা কার্যত নজিরবিহীন হতে চলেছে।
এদিন সকাল থেকেই শীর্ষ আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রবেশপথে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। সাউথ অ্যাভিনিউয়ের বাসভবন থেকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন অন্য আইনজীবীরা। এসআইআর সংক্রান্ত মামলায় মমতা নিজেই সওয়াল করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের তরফে তাঁর নামে একটি বিশেষ ‘গেট পাস’ ইস্যু করা হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলি এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।
রাজনৈতিক ও আইনি মহলে সবথেকে বড় প্রশ্ন— মুখ্যমন্ত্রী কি আইনজীবীদের মতো কালো রোব পরে এজলাসে দাঁড়াবেন? তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে পোস্ট করা একটি গ্রাফিক্স ইমেজে মুখ্যমন্ত্রীকে কালো রোব পরা অবস্থায় দেখা গিয়েছে, যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি সাধারণ নাগরিক হিসেবেও নিজের বক্তব্য পেশ করতে পারেন বলে জানা যাচ্ছে।
এসআইআর ইস্যুতে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বারবার চিঠি দিলেও কোনও সদুত্তর মেলেনি, উলটে দিল্লিতে বৈঠকে তাঁদের অপমান করা হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদেই এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলের দুই সাংসদের করা এসআইআর সংক্রান্ত মামলারও শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলার কয়েকশো ‘এসআইআর ক্ষতিগ্রস্ত’ মানুষকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর এবং সরাসরি আইনি লড়াই ভারতের সংসদীয় ও বিচারবিভাগীয় কাঠামোয় এক নতুন মাত্রা যোগ করল।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।



