বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : লোকসংস্কৃতিবিদ, কবি-প্রাবন্ধিক তথা শিক্ষক তুষারকান্তি নাথের দ্বিতীয় প্রয়াণবার্ষিকী পালন করল বরাক নাগরিক সংসদ। সোমবার শিলচর প্রেসক্লাবের বরাক নাগরিক সংসদ এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বরাক উপত্যকার সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য ও পরম্পরাকে যে ভাবে ঋদ্ধ করে গিয়েছেন তুষারকান্তি, তা নিয়ে চর্চার যথেষ্ট প্রয়োজন রয়েছে অভিমত ব্যক্ত করেন। এ দিন অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল “বরাক উপত্যকার সাহিত্য, সংস্কৃতি : ঐতিহ্য ও পরম্পরা’।

বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি- সাংবাদিক অতীন দাশ, প্রখ্যাত লেখক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর , নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে কবি, আমাদের সমকালের সম্পাদক স্নিগ্ধা নাথ, প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য, লেখক আরতি দাশ, শিক্ষক-প্রাবন্ধিক তপনকান্তি নাথ, কবি-সাংবাদিক স্মৃতি পাল নাথ, সমাজকর্মী কিরণ রাস, সাংবাদিক মকসুদুল চৌধুরী, সাংবাদিক মেঘনাথ কর, শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। মনোগ্রাহী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য ও শিবানী দাস। এ দিনের অনুষ্ঠানে ‘তুষারকান্তি নাথ স্মারক সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করা হয় সাংবাদিক প্রণয়কুমার রায়কে।



