বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে এক বড় খবর। আগামী ৭ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন অসমে আসছে। দুই দিনের সফরসূচি নিয়ে নির্বাচন কমিশন ৭ ও ৮ ফেব্রুয়ারি অসমে অবস্থান করবে।
এই সফরকালে নির্বাচন কমিশন শাসক ও বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে। পাশাপাশি অসম সরকারের সঙ্গেও আলোচনা করবে কমিশন। অসম সফর শেষে দিল্লিতে ফিরে গিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে।
খবর অনুযায়ী, নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ১০ দিন আগেই অসম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ২০২১ সালের নির্বাচনের তুলনায় এবার ৮–১০ দিন আগেই নির্বাচনী সূচি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, এবছর এক বা দুই দফায় নির্বাচন করতে আগ্রহী নির্বাচন কমিশন। প্রয়োজন হলে এক দফাতেই নির্বাচন করানোর বিষয়েও আগ্রহী কমিশন। উল্লেখ্য, ২০২১ সালে অসমে তিন দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে বছর প্রথম দফার ভোটগ্রহণ হয় ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল এবং তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হয় ৬ এপ্রিল।



