বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার নামে সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই (কমিউনিস্ট)। শনিবার শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে দলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে কর্মী সমর্থকেরা সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে বক্তব্য রাখেন যথাক্রমে দলের কাছাড় জেলা কমিটির সদস্য প্রবীণ শ্যামদেও কুর্মী, সুব্রতচন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, দুলালী গাঙ্গুলি প্রমুখ। বক্তারা বলেন, সমগ্র রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে জনমনে এক ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছে। ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম বাদ দেওয়ার জঘন্য চক্রান্ত চলছে। নিয়ম বহির্ভূতভাবে ৭ নং ফর্ম পূরণ করে একজন অভিযোগকারীকে দিয়ে শত শত মানুষের নামে অভিযোগ করানো হচ্ছে, যেকোনো ব্যক্তির নাম ব্যবহার করে তাঁকে না জানিয়েই অভিযোগকারী হিসেবে দেখিয়ে অভিযোগ দাখিল করা হচ্ছে এমনকি জীবিত মানুষকে মৃত সাজিয়েও অভিযোগ করা হয়েছে।
তাঁরা বলেন, সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে নিজেই প্রকাশ্যে বলছেন যে তাঁর নির্দেশেই একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে হয়রানি করা হচ্ছে। আরও বলেন, আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এনআরসি, ডি ভোটার, ফরেনার্স ট্রাইব্যুনাল, ডিটেনশন ক্যাম্প, নির্বিচারে উচ্ছেদ ইত্যাদির মাধ্যমে রাজ্যের প্রকৃত ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব হরণ সহ নানা ধরনের হয়রানি করেছে। বক্তারা দাবি করেন বর্তমানে সংখ্যালঘু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে চালানো এই মিথ্যা অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে পূর্বের ভোটার তালিকার ভিত্তিতে সমস্ত প্রকৃত ভোটারদের নাম সংশোধিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তারা জনগণের নিকট আহ্বান জানান জাতি – ধর্ম- ভাষা- বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কমিশন ও সরকারকে বাধ্য করানোর মতো শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সোচ্চার হওয়ার আহ্বানও তারা। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নকুলরঞ্জন পাল, রামকুমার বাগতি, খাদেজা লস্কর, কুমুদ সিনহা প্রমুখ।



