বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : আজ অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তগুলির বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগ সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পঞ্চায়েত প্রতিনিধিদের জন্যও বড় সুখবর ঘোষণা করেছে আজকের মন্ত্রিসভা। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো:
১. পঞ্চায়েত প্রতিনিধিদের চিকিৎসা সুবিধা
পঞ্চায়েতের সদস্য-সদস্যারা সরকারি কর্মচারীদের মতোই চিকিৎসা সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের মতো মেডিক্লেম সুবিধাও পাবেন পঞ্চায়েত প্রতিনিধিরা। এর ফলে প্রায় ৩০ হাজার পঞ্চায়েত সদস্য-সদস্যা উপকৃত হবেন।
২. চুতিয়া জনগোষ্ঠীর জন্য পদ সংরক্ষণ
চুতিয়া জনগোষ্ঠীর জন্য প্রতি বছর এপিএসসি পরীক্ষার মাধ্যমে একজন ডিএসপি ও একজন ম্যাজিস্ট্রেট পদ সংরক্ষিত থাকবে।
৩. মরাণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সুবিধা
অরুণাচলে বসবাসকারী মরাণ জনগোষ্ঠীর মানুষরা তিনসুকিয়ার নিয়োগ বিনিময় কেন্দ্রে বেকার হিসেবে নাম নথিভুক্ত করার সুবিধা পাবেন।
৪. তিলৈবাড়ি গ্রামের ভূমি পট্টা প্রসঙ্গ
টিংখং বিধানসভা এলাকার তিলৈবাড়ি বাঙালি গ্রাম ও তিলৈবাড়ি নেপালি গ্রামের ভিজিআর (Village Grazing Reserve) প্রত্যাহার করে ভূমি পট্টা পাওয়ার পথ সুগম করা হবে।
৫. চা বাগানের জমি বিতরণ
চা বাগানের জমি বরাদ্দ সংক্রান্ত আবেদনপত্র আগামী ৯ তারিখ দুপুর ২টায় বিতরণ করা হবে। জমি বরাদ্দপ্রাপ্তদের প্রতি বিঘা জমির জন্য ৫০০ টাকা প্রিমিয়াম দিতে হবে। এই প্রিমিয়াম পাঁচ বছরের মধ্যে পরিশোধ করা যাবে। বাগানের জমি বিতরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
৬. দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ
ধেমাজি ও ডিব্রুগড়ে দুটি মিল্ক প্রসেসিং প্ল্যান্ট নির্মাণের জন্য নাবার্ড থেকে ১৩৫ কোটি টাকার ঋণ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এছাড়াও গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগ সন্দর্ভে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আলী তৌকির শেখের মামলার তদন্তের জন্য গঠিত এসআইটি (SIT) নিয়ে আজকের মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। মন্ত্রিসভা গৃহ বিভাগকে নির্দেশ দিয়েছে যে আগামী ৭ তারিখের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে হবে।
মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীকে অনুমতি দিয়েছে যে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসআইটির প্রতিবেদন যতটা সম্ভব জনসমক্ষে প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রীর দাবি, এই মামলাটি গৌরব গগৈয়ের সঙ্গে সরাসরি জড়িত।
মুখ্যমন্ত্রী বলেন, “৮ তারিখে আমরা সংবাদ মাধ্যমের সামনে সব তথ্য প্রকাশ করব। আমাদের দলের অন্যান্য সদস্যরা বিস্মিত হয়েছেন যে তরুণ গগৈয়ের ছেলে কীভাবে এত দূর যেতে পারে। বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। আমি যতটা বলতে পারি, সেটাই বলব। নির্বাচন সামনে থাকায় কেউ কেউ তার পক্ষে কথা বলবেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এই প্রতিবেদন অত্যন্ত বিস্ময়কর হবে। টক শোতে কী হবে বলতে পারি না, তবে সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি হবে। ৮ তারিখে আমরা এই বিষয়টির পর্দা তুলব, এরপর ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
তিনি আরও জানান, আলি তৌকির শেখের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। সাক্ষী হিসেবে এলিজাবেথ গগৈসহ প্রায় ২২-২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, সন্দেহের তীর আলি তৌকিরের পাশাপাশি এলিজাবেথ ও গৌরব গগৈয়ের দিকেও নির্দেশ করছে। পরবর্তী তদন্ত অসম সরকার করবে নাকি কেন্দ্র সরকার করবে, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আগামী ৭ তারিখে নেওয়া হবে।



