শ্রীভূমিতে জাতীয় চেতনা ও দেশপ্রেমের আবহে উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : দেশজুড়ে যখন গণতন্ত্র ও সংবিধানের গৌরবময় ইতিহাস স্মরণে উদযাপিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস, ঠিক সেই সময় শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে শ্রীভূমি জেলাতেও যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আবেশে পালিত হলো এই ঐতিহাসিক দিনটি। সোমবার সকাল থেকেই শ্রীভূমি শহর ও জেলার বিভিন্ন প্রান্তে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসনের সুপরিকল্পিত ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। দিনের সূচনা হয় সকাল ৮টা ৩০ মিনিটে। স্টেশন রোডস্থিত জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি এবং ডাকবাংলা রোডস্থিত শহিদ বেদীতে মাল্যদান করে স্বাধীনতা সংগ্রামের মহান আত্মবলিদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মীন ইত্যাদি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এরপর সকাল ৯টায় শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্য অতিথি মন্ত্রী।

পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশিত হলে গোটা মাঠ জুড়ে সৃষ্টি হয় এক গম্ভীর অথচ গর্বের পরিবেশ। আকাশে উড্ডীন তেরঙা পতাকা যেন দেশের সংবিধান, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছিল।পতাকা উত্তোলনের পর শুরু হয় সুসজ্জিত ও শৃঙ্খলাবদ্ধ প্যারেড ও মার্চ পাস্ট। জেলার বিভিন্ন স্কুল, কলেজ, এনসিসি ক্যাডেট, পুলিশ বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। তাঁদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং শৃঙ্খলা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে প্রদর্শিত ট্যাবলো। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পশুপালন, মীন, সমাজকল্যাণ সহ নানা দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি প্রকল্প ও সামাজিক বার্তা ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। একইসঙ্গে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক নৃত্য ও দেশাত্মবোধক অনুষ্ঠান, যেখানে জেলার ছাত্রছাত্রী ও শিল্পীরা তাঁদের নৃত্য ও সংগীতের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

অনুষ্ঠানের এক বিশেষ পর্বে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জেলার প্রতিভাবান ছাত্রছাত্রী ও ব্যক্তিত্বদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পুলিশ জেলা আযুক্ত প্রদীপকুমার দ্বিবেদী ও সুপার নীলা দোলে  সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ তাঁদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দিয়ে উৎসাহিত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্যারেড, মার্চ পাস্ট, ট্যাবলো প্রদর্শন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী দল ও প্রতিষ্ঠানগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য, সংবিধানের মূল্যবোধ ও দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সার্বিকভাবে বলা যায়, শ্রীভূমি জেলায় আয়োজিত ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ছিল সুসংগঠিত, বর্ণাঢ্য ও ভাবগম্ভীর। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক চেতনার বীজ আরও দৃঢ়ভাবে রোপিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *