যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শিলচরে পালিত প্রজাতন্ত্র দিবস

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলার সদর শহর শিলচরেও যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও দেশাত্মবোধের আবহে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সোমবার শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। সকাল ঠিক ৯টায় পুলিশ প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হলে গোটা অনুষ্ঠানস্থল দেশপ্রেমের আবেগে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী কৌশিক রায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন।

এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ট্যাবলো প্রদর্শন, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন প্রদর্শনীসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে দেশের ঐক্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সিনিয়র পুলিশসুপার পার্থপ্রতিম দাস, জেলা কমিশনার আয়ুষ গর্গ, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, ধলাই বিধায়ক নীহাররঞ্জন দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।
সার্বিকভাবে শৃঙ্খলা, দেশাত্মবোধ ও উৎসবমুখর পরিবেশে শিলচরে উদযাপিত হলো দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *