বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ৭৭তম প্রজাতন্ত্র দিবস এবং ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক ১৫০ বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ দেশাত্মবোধক বাইক র্যালি ও তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতীয় চেতনা, ঐক্য ও নাগরিক অংশগ্রহণ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বাইক র্যালিটি জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়।
র্যালিতে জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ এবং জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস স্বয়ং উপস্থিত থেকে নেতৃত্ব দেন। র্যালিটি জেলা আয়ুক্তের কার্যালয় থেকে শুরু হয়ে দেবদূত পয়েন্ট, সেন্ট্রাল রোড, প্রেমতলা পয়েন্ট ও শিলং পট্টি অতিক্রম করে পুনরায় জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
দেশপ্রেমের বার্তা বহনকারী এই বাইক র্যালিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা জাতীয় ঐক্য ও দেশাত্মবোধের শক্তিশালী প্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।



