বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে না পারা এক অসহায় মহিলার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নগাঁও লাহরিঘাটের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ ফরিদুল হুসেন। লাহরিঘাটের বগলিপাড়া গ্রামের সুলেমা খাতুন নামের এক দরিদ্র মহিলা অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে যন্ত্রণায় ছটফট করে দিন কাটাচ্ছিলেন। তিন বছর আগে একটি দুর্ঘটনায় তার ডান হাত ভেঙে যায়। দরিদ্র পরিবারের হওয়ায় অর্থের অভাবে তিনি অস্ত্রোপচার করাতে পারেননি।
কয়েক দিন আগে মরিগাঁও জেলা আমসু এর সহায়তায় মরিগাঁও জেলা আমসু এবং বগলিপাড়া আঞ্চলিক আমসুর পক্ষ থেকে কিছু সহায়তা দিয়ে নগাঁও ডিউ কেয়ার হাসপাতালের স্বত্বাধিকারী বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ ফরিদুল হোসেনের কাছে নিয়ে যায়। আমসুর আহ্বানে দরিদ্র ওই মহিলাকে অস্ত্রোপচার করে সুস্থ করে তোলেন চিকিৎসক ফরিদুল হোসেন। বিশিষ্ট এই চিকিৎসকের এমন মহানুভবতার জন্য মরিগাঁও জেলা আমসুর পাশাপাশি মহিলার পরিবার থেকে ধন্যবাদ জ্ঞাপন করে।



