তামিলনাড়ুতে ধৃত শিলচরের মানবপাচার চক্রের মূল অভিযুক্ত সবিতা দাস, উদ্ধার তিন নাবালিকা

Spread the news

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : আন্তঃরাজ্য মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শিলচরের আশ্রম রোডের বাসিন্দা সবিতা দাস (২৯) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে মরিগাঁও পুলিশ। অভিযানের সময় তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে উদ্ধার করা হয়েছে তিন নাবালিকাকে।

মরিগাঁও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় পনেরো দিন আগে জেলার জাগীরোড এলাকার তিন নাবালিকাকে মরিগাঁও থেকে নিয়ে যায় সবিতা দাস। বিষয়টি জানাজানি হলে নাবালিকাদের অভিভাবকরা জাগীরোড থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই তিন নাবালিকা তামিলনাড়ুর কোয়েম্বাটুরে রয়েছে। এরপর মরিগাঁও পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তিন নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি সবিতা দাসকে গ্রেফতার করে। পরে তিন নাবালিকাসহ অভিযুক্তকে মরিগাঁওয়ে নিয়ে আসা হয়।
মরিগাঁও পুলিশের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছেন, কোয়েম্বাটুর আদালতের অনুমতি নিয়ে সবিতা দাসকে ট্রানজিট রিমান্ডে মরিগাঁওয়ে আনা হয়। এরপর তাকে স্থানীয় আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে ফের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

সূত্রটি আরও জানায়, নাবালিকাদের পরিবার নিখোঁজের অভিযোগ দায়ের করলেও তদন্তে উঠে এসেছে, সবিতা দাস অভিভাবকদের মোটা অঙ্কের অর্থ দেওয়া ও ভালো কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাদের নিয়ে গিয়েছিল। এর ফলে পুলিশের অনুমান, সে একটি বড়সড় মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত এবং নাবালিকাদের কোয়েম্বাটুরে নিয়ে গিয়ে আপত্তিজনক কাজে লাগানোর উদ্দেশ্য ছিল তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *