বদরপুরে বরাক নদীতে পড়ে আইডব্লিউএআই কর্মীর মৃত্যু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : বদরপুরঘাটে হৃদয়বিদারক ঘটনা ঘটল। আইডব্লিউএআইর এক কর্মীর বরাক নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত কর্মীর নাম খুরশিদ আলম চৌধুরী (৪৪)। তিনি আইডব্লিউএআই-এর বদরপুরঘাট শাখায় কর্মরত ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সিআইডব্লিউটি বদরপুরঘাটে সিঁড়ি দিয়ে হেঁটে জাহাজে ওঠার সময় হঠাৎ সিঁড়ি সরে গেলে তিনি ভারসাম্য হারিয়ে বরাক নদীতে পড়ে যান এবং জলে ডুবে যান। ঘটনার সঙ্গে সঙ্গে বদরপুর অগ্নি নির্বাপক বাহিনী ও পুলিশ প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে বদরপুর পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর নববর্ষের রাত প্রায় ১২টা ১০ মিনিটে অগ্নি নির্বাপক বাহিনী বরাক নদী থেকে খুরশিদ আলম চৌধুরীকে উদ্ধার করে। পরে তাঁকে সহকর্মী ও পুলিশ প্রশাসনের সহায়তায় শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, খুরশিদ আলম চৌধুরীর বাড়ি যোগীঘোপায়। বৃহস্পতিবার বদরপুর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মৃতদেহ যোগীঘোপায় তাঁর পৈতৃক বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নববর্ষের রাতে এই আকস্মিক মৃত্যুর ঘটনায় বদরপুরঘাট আইডব্লিউএআই শাখার কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *