জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার সন্দেহ, উদ্ধার ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা-সহ একাধিক পরিচয়পত্র
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : কাছাড় জেলার শিলচরে জঙ্গিবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাছাড় পুলিশের সঙ্গে যৌথভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৭ নভেম্বর এক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধৃত ব্যক্তি অসম, ত্রিপুরা ও মণিপুরে উগ্রপন্থী কার্যকলাপের উদ্দেশ্যে লোকজনকে মৌলবাদে প্রভাবিত করা এবং নিয়োগের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। প্রায় এক বছর ধরে ওই ব্যক্তির গতিবিধির উপর নজরদারি চালানোর পর এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ধৃত ব্যক্তির কাছ থেকে একটি প্যান কার্ড, একটি আধার কার্ড, দুটি স্মার্টফোন, ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও একাধিক ভারতীয় পরিচয়পত্র পাওয়া গিয়েছে, যেগুলি বেআইনিভাবে সংগ্রহ করে নিজের প্রকৃত পরিচয় গোপন রাখার কাজে ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করছে তদন্তকারী সংস্থা।

আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় এবং উদীয়মান নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবিলায় বাহিনীর অঙ্গীকারের প্রতিফলন।
গ্রেফতার হওয়া ব্যক্তি এবং উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।



