বদরপুর-লামডিং রেলপথে বারবার বিপর্যয়, যাত্রী দুর্ভোগে ক্ষোভ; দ্রুত দ্বিতীয় রেললাইন নির্মাণের দাবি সংগ্রাম কমিটির

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : বদরপুর-লামডিং রেলপথে বারবার বিপর্যয় এবং এর জেরে যাত্রীদের চরম দুর্ভোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ‘শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি’। অবিলম্বে এই গুরুত্বপূর্ণ রেলপথে দ্বিতীয় লাইন নির্মাণের কাজ শুরু করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।

গত শুক্রবার রাতে বদরপুর-লামডিং রেলপথের বান্দরখাল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় তেলের ট্যাংকারবাহী একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় রেললাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ওই পথে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে বরাক উপত্যকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসেও একই রেলপথে পাহাড় ধসের কারণে রেল যোগাযোগ ব্যাহত হয়েছিল। বরাক উপত্যকার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগের ক্ষেত্রে একটিমাত্র রেললাইনের ওপর নির্ভরশীলতা থাকায় সামান্য প্রাকৃতিক বিপর্যয় কিংবা দুর্ঘটনাতেই গোটা রেল যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ছে। তাই এই রুটে দ্বিতীয় রেললাইন নির্মাণের প্রয়োজনীয়তা এখন আরও বেশি করে সামনে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১৫ সাল থেকেই দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে সংগ্রাম কমিটি। সংগঠনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ২০২২ সালে দ্বিতীয় রেললাইন স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখতে সমীক্ষা চালালেও অজ্ঞাত কারণে আজ পর্যন্ত সেই সমীক্ষার প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

সংগ্রাম কমিটির পক্ষ থেকে অবিলম্বে সমীক্ষার প্রতিবেদন প্রকাশ এবং দ্বিতীয় রেললাইন নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বর্তমান রেলপথের নিরাপত্তা সুনিশ্চিত করে যুদ্ধকালীন তৎপরতায় রেল চলাচল স্বাভাবিক করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক অজয় রায়, অরুণাংশু ভট্টাচার্য ও সুশীল পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *