আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : মণিপুরি সমাজের বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগ অন্যান্য সমাজের কাছেও প্রশংসিত হচ্ছে। মণিপুরি সমাজে মইরাপাইবি স্বেচ্ছাসেবী সংগঠনের সমাজসেবামূলক কার্যক্রম সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে আসছে। শনিবার সোনাইয়ের চান্দপুরে অমুথোই সংগীত বিদ্যালয়ে মণিপুরি ইয়ুথস ফ্রন্ট অব অসমের উদ্যোগে আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠান বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা বহন করে।
এদিন সংগীত বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় মণিপুরীদের ঐতিহ্যবাহী নিংগোল চাকৌবা বা বোনফোঁটা উৎসব। এ উপলক্ষে আয়োজিত দশম নিংগোল চাকৌবা ফেস্টিভ্যালে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন গ্রামের মণিপুরী মহিলা ও মেয়েদের সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি টি সালা উদ্দিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসি কলেজের অধ্যাপক ড. কে এন চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের জলসেচ বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আরকে গোপাল সানা। তাঁরা নিজেদের বক্তব্যে মণিপুরি সমাজের এই ঐতিহ্যবাহী উৎসবের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইবেমলৈ দেবী, কে সিরাম হরিজিত, সুখেসিনি সিংহ, সঙ্গীতা বেগম, রাজকিশোর মিশ্র, রামবাবু সিংহ ও কে ইন্দ্রজিৎ সিংহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, মণিপুরি সমাজে প্রচলিত এই নিংগোল চাকৌবা উৎসবের ঐতিহ্য মণিপুরী রাজা চন্দ্রতিথির আমল থেকে চলে আসছে বলে জানা যায়। বাঙালি সমাজে যেমন ভাইফোঁটা পালিত হয়, তেমনি মণিপুরি সমাজে বোনফোঁটার মাধ্যমে ভাই-বোনের স্নেহ, ভালোবাসা ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করার এই ব্যতিক্রমী অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে বলে বিভিন্ন বক্তা অভিমত ব্যক্ত করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মণিপুরি ইয়ুথস ফ্রন্ট অব অসমের সম্পাদক তথা প্রবীণ সাংবাদিক সেরাম হেরাজিত সিংহ বলেন, মণিপুরী ভাষাভাষী অর্থাৎ ক্ষেত্রী মণিপুরী ও মুসলিম মণিপুরী সমাজের মধ্যে সংস্কৃতিগত মিল থাকায় বোনফোঁটা পালনের চিরাচরিত রেওয়াজ রয়েছে। প্রতিবছর ১১ নভেম্বর বোনফোঁটা পালন করা হয়। এই দিনে ভাই বোনকে নিমন্ত্রণ করে ভালো খাবার ও উপহার দিয়ে ভাই-বোনের সম্পর্ক অটুট রাখার রীতি প্রচলিত রয়েছে।
তবে মুসলিম মণিপুরি সমাজে বোনফোঁটা পালন করা না হলেও একই সংস্কৃতির ধারক হওয়ায় মৈথেই মণিপুরি সমাজ এই উৎসবকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। তিনি আরও বলেন, ১১ নভেম্বর বোনফোঁটা পালন করা হলেও যেসব মহিলার ভাই নেই, তাঁদের ভাইয়ের স্নেহ ও ভালোবাসার মর্যাদা দিতে মণিপুরি ইয়ুথস ফ্রন্ট অব অসম প্রতি বছর আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করে থাকে। প্রতি বছর বিভিন্ন এলাকায় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।



