গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে এনএভিওয়াইউ ২.০ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : যুবতী ও কিশোরীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং আর্থিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে শুরু হল ভারত সরকারের বিশেষ উদ্যোগ এনএভিওয়াইউ ২.০ প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রকল্পের আওতায় কাছাড় জেলায় মোট ৯০ জন প্রশিক্ষণার্থীকে নির্বাচিত করা হয়েছে। তাঁদের তিনটি পৃথক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মমুখী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের যৌথ উদ্যোগে এনএভিওয়াইউ ২.০ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। গত ২৮ নভেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। যুবতী ও কিশোরীদের কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধি, পেশাগত যোগ্যতা অর্জন এবং আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কাছাড় জেলায় নির্বাচিত ৯০ জন প্রশিক্ষণার্থীকে তিনটি প্রতিষ্ঠানে ৩০ জন করে প্রশিক্ষণ দেওয়া হবে। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়ন কেন্দ্রে ৩০ জনকে অফিস অ্যাসিস্ট্যান্ট, শিলচর পলিটেকনিকে ৩০ জনকে যোগ প্রশিক্ষক এবং শ্রীকোণাস্থিত সরকারি মহিলা আইটিআইয়ে ৩০ জনকে আইটি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো ও প্রশিক্ষণ পরিচালনার উপযুক্ত পরিবেশ বিবেচনা করেই কোর্সগুলি নির্ধারণ করা হয়েছে।

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ, দক্ষতা উন্নয়ন কেন্দ্রের অধিকর্তা ড. সুভাষ দেবনাথ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. দীপরাজ চক্রবর্তী এবং সহকারী অধ্যাপিকা মনিষা গোস্বামী। এছাড়াও জেলা প্রশাসন, সমাজকল্যাণ বিভাগ, দক্ষতা উন্নয়ন বিভাগ ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সিডিপিও, সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীরাও।

উল্লেখ্য, এনএভিওয়াইউ ২.০ প্রকল্পের মাধ্যমে বিশেষত সমাজের পিছিয়ে পড়া অংশের যুবতী ও কিশোরীদের কর্মসংস্থানের উপযুক্ত করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, এই প্রশিক্ষণ কর্মসূচি তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বনির্ভরতার নতুন দিশা দেখাবে এবং কর্মসংস্থানের মূল স্রোতে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *