পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে

Spread the news

২৮ নভেম্বর : গৃহযুদ্ধের আঁচে নতুন করে পুড়তে শুরু করল মায়ানমার। শনিবার বিয়েবাড়িতে হামলা হল সেখানে। হামলায় বেশ কয়েক জন মারা গিয়েছেন বলে খবর। দু’দিন আগেই মায়ানমার সেনার তরফে স্কুলেও বোমা বর্ষণ করা হয়। তাতে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর সামনে আসে, যার মধ্যে এক শিশুও ছিল। বিদ্রোহীদের দখলে থাকা একটি বৌদ্ধ মন্দির এবং স্কুলে বোমাবর্ষণ করা হয় বলে জানা যাচ্ছে।

শনিবার মো বিয়ে এলাকায় মায়ানমার সেনার তরফে বিয়েবাড়িতে হামলা চালানো হয়েছে বলে খবর। হামলায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে ছ’টি দেহ পডডে থাকার ছবি সামনে এসেছে। এক প্রত্যক্ষদর্শী ভিডিও পোস্ট করেছে ঘটনাস্থল থেকে। তবে সংবাদ সংস্থা AFP এখনও পর্যন্ত ভিডিও-র সত্যতা যাচাই করতে পারেনি। তবে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘বিমানের গর্জন শুনলাম। ভাবতে পারিনি আমাদের এখানেও বোমা পড়বে। তার পরই বিস্ফোরণের শব্দ শুনলাম। ধোঁয়া উড়ছে।’ যেখানে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে, সেটি শাং এবং কারেন্নি প্রদেশের সীমানা, মূলত ঘরছাড়াদের বাস সেখানে। (Myanmar Civil War)

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মায়ানমারের মধ্যভাগে বোমাবর্ষণ করা হয়েছে। বিরোধী শিবির Opposition National Unity Government এবং প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করেছে তারা। বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ সিনবাউঙ্গে শহরের মগওয়ে এলাকায় বোমাবর্ষণ করা হয়।

বিরোধীদের দাবি, আকাশপথে ৫০০ পাউন্ড ওজনের বোমা ফেলা হয়। আর্টিলারি শেল বর্ষণ করা হয় ১২টি। পাশাপাশি, সাতটি আত্মঘাতী ড্রোন পাঠিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। NUG-র মুখপাত্র নে ফোং লাট জানিয়েছেন, মৃতদের মধ্যে মহিলা এবং শিশু রয়েছে। ন’জন বিদ্রোহী যোদ্ধাও মারা গিয়েছেন। স্থানীয়দের দাবি, ওই এলাকা একেবারে শান্ত ছিল। সেখানে কোনও রকম অশান্তির ঘটনা ঘটেনি বেশ কিছু দিন। বিদ্রোহীরা ঘাঁটি গেড়েও নেই সেখানে। বরং মাঝেমধ্যে শুধু ওই এলাকা দিয়ে যাতায়াত করত।

মায়ানমার সেনার তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বিরোধীদের দাবি, সম্পূর্ণ বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে সেনা। নিরীহ নাগরিকদের উপর বোমা বর্ষণ করা হয়েছে। অন্য দিকে, সেনাপন্থী শিবিরের দাবি, সমাবর্তন জাতীয় কোনও অনুষ্ঠান চলছিল। সেখানে জড়ো হয়েছিল বিদ্রোহীরাও। তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়। মায়ানমার সরকারের তরফেও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি শনিবার বিকেল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *