বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : ইতিহাসের প্রেক্ষাপটে বরাক উপত্যকার আত্মপরিচয় ও দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত অধিকার খর্ব করার ধারাবাহিক প্রয়াসের সঙ্গে সাযুজ্য রেখে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বদলে দেওয়ার যে তৎপরতা পর্দার আড়ালে চলছে, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে বলে অভিমত ব্যক্ত করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।
রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য সমুদ্রগুপ্ত কাশ্যপ সম্প্রতি শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টিকে বিদেশি বিতাড়ন আন্দোলনের জেরে স্বাক্ষরিত আসাম চুক্তির ফসল বলে মন্তব্য করেছেন। এই প্রসঙ্গ তুলে সম্মেলনের মুখপাত্র গৌতম প্রসাদ দত্ত শনিবার এক বিবৃতিতে বলেন, উচ্চশিক্ষার অধিকার আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বরাক উপত্যকার সংগ্রামের বিরোধিতা করে আসা মহলগুলি এখন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কৃতিত্ব দাবি করে ইতিহাস বদলে দিতে চাইছে।

বরাকবঙ্গের মুখপাত্র দত্ত বিবৃতিতে বলেন, আসাম চুক্তির মূল বয়ানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনও উল্লেখ ছিল না। অথচ বারবার ইতিহাস বিকৃত করে দায়িত্বশীল ব্যক্তিরা আসাম বিশ্ববিদ্যালয়কে চুক্তির ফসল বলে উল্লেখ করে আসছেন। ২০২০ সালের ২৫ ডিসেম্বর আসাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, তৎকালীন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং শিলচরের তৎকালীন সাংসদ রাজদীপ রায়ের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়টিকে আসাম চুক্তির ফসল বলে উল্লেখ করেছিলেন। উপস্থিত কেউ এই তথ্য সংশোধনের উদ্যোগ নেননি। ২০২৫ সালের মে মাসে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের এক বিশিষ্ট অধ্যাপক একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের আরেক অনুষ্ঠানে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বিশিষ্ট লেখক সমুদ্রগুপ্ত কাশ্যপও আসাম বিশ্ববিদ্যালয়কে আসাম চুক্তির উপহার বলে মন্তব্য করেন। এতেও বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মকর্তা তথ্য সংশোধন করেননি। বিষয়টি বরাকের মানুষের কাছে অত্যন্ত পীড়াদায়ক বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস তুলে ধরে গৌতম প্রসাদ দত্ত বলেন, একসময় বরাকের পড়ুয়াদের নিরাপত্তার অভাবে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করা কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেই পরিস্থিতিতে বরেণ্য ব্যক্তিত্ব প্রেমেন্দ্রমোহন গোস্বামীর নেতৃত্বাধীন শিক্ষা সংরক্ষণ সমিতি বরাক উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে জনমত সংগঠনে নামে। প্রাথমিক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উপত্যকার দলমত নির্বিশেষে অধিকাংশ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি এই দাবির সমর্থনে এগিয়ে আসেন। ছাত্র সংগঠন আকসাও এই দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে। সেই সময় পর্যন্ত ব্রহ্মপুত্র উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনও দাবি উত্থাপিত হয়নি। স্বাভাবিকভাবেই আসাম চুক্তিতেও এর কোনও উল্লেখ ছিল না।

তিনি আরও বলেন, ১৯৮৯ সালে বরাকের আন্দোলনের চাপে এবং কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের লাগাতার প্রচেষ্টায় রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকার সংসদে আসাম বিশ্ববিদ্যালয় বিল পেশ করে। অথচ বর্তমানে যাঁরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করছেন, তাঁদের ভূমিকা সেদিন ছিল সম্পূর্ণ বিপরীত। বিভিন্নভাবে বিলটির বিরোধিতা করা হয়। রাজ্যসভায় তৎকালীন অগপ সাংসদ বিজয়া চক্রবর্তী বিলের কপি সংসদের ভেতরে ছিঁড়ে ফেলেন। অপর অগপ সাংসদ নগেন শইকিয়া প্ল্যাকার্ড হাতে নিয়ে বিলের বিরোধিতা করেন। আসাম চুক্তির স্বাক্ষরকারী আসু থেকে গড়ে ওঠা অগপ দল এবং তার নেতৃত্বাধীন সরকার সরাসরি আসাম বিশ্ববিদ্যালয় বিলের বিরোধিতায় নামে।
তখন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ব্রহ্মপুত্রের উত্তর পারে স্থাপনের দাবি তোলা হয়। এমনকি আসাম বিশ্ববিদ্যালয় নাম নিয়ে শিলচরে কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার বিষয়েও আপত্তি জানানো হয়। প্রফুল্ল মহন্তের নেতৃত্বাধীন তৎকালীন রাজ্য সরকার শুধু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাই করেনি, জমি বরাদ্দের ক্ষেত্রেও চূড়ান্ত অসহযোগিতা করে। এর ফলে গোটা আসাম বিশ্ববিদ্যালয় প্রস্তাবটি কার্যত হিমঘরে চলে যায়।

১৯৯৩ সালে নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন সরকার তেজপুরে আরেকটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় ব্রহ্মপুত্র উপত্যকার রাজনৈতিক ও বৌদ্ধিক মহলের তৎপরতা অব্যাহত ছিল।



