বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : শিলচরের ন্যাশনাল হাইওয়ের পূর্ণশ্রী লেনের বাসিন্দা তথা আরএমএস-র শিলচর ডিভিশনের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট নির্মলেন্দু ভট্টাচার্য আর নেই। শুক্রবার সন্ধ্যা ৫-৩০ মিনিটে নিজ বাসভবনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর।
প্রয়াত ভট্টাচার্য কর্মজীবনে ডাকবিভাগের তেজপুর ডিভিশন এবং রেলওয়ে মেইল সার্ভিস (আরএমএস)-র শিলচর ডিভিশনের সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শিলচর হেড পোস্ট অফিসের সিনিয়র পোস্টমাস্টার পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ১৯৬১ সালে নরসিংহপুর স্বর্ণলক্ষ্মী হাইস্কুল থেকে গণিতে অসমের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপকদের মধ্যে একজন হিসেবে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র ও পুত্রবধূ রেখে গেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রয়াত ভট্টাচার্যের আদি বাড়ি পানিভরা ক্লেভার হাউস এলাকায়।



