বিয়ের নিমন্ত্রণের APK ফাইল ডাউনলোড করতেই বিপত্তি! সাইবার প্রতারণায় ১০ লক্ষ টাকা খোয়ালেন গুজরাটের যুবক

Spread the news

২৮ নভেম্বর : সোশ্যাল মিডিয়া এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কেনাকাটা থেকে শুরু করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান—সব ক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। তবে এই সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করে প্রতারণার জাল বিস্তার করছে সাইবার অপরাধীরা। এবার হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণের নামে পাঠানো APK ফাইল ডাউনলোড করে সাইবার প্রতারণার শিকার হলেন গুজরাটের সুরাটের এক যুবক। খোয়ালেন প্রায় ১০ লক্ষ টাকা।

তদন্তে নেমে শুক্রবার উত্তরপ্রদেশের বিজনৌর জেলার বাসিন্দা দেবেন্দ্র মালিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেফতার করা হয়।

সুরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের হোয়াটসঅ্যাপে একটি APK ফাইলের মাধ্যমে বিয়ের নিমন্ত্রণ পাঠানো হয়েছিল। নিমন্ত্রণপত্র ভেবে ফাইলটি ডাউনলোড করতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১০ লক্ষ টাকা। ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সুরাট পুলিশের সাইবার অপরাধ দমন শাখা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধীদের কাছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিতেন দেবেন্দ্র। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা প্রথমে তাঁর অ্যাকাউন্টে জমা পড়ত। এরপর মোট টাকার ২০ শতাংশ নিজের কাছে রেখে বাকি টাকা সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দিতেন তিনি। এভাবেই প্রতারণার চক্রে যুক্ত ছিলেন অভিযুক্ত। ইতিমধ্যে মামলা দায়ের করে ঘটনার আরও তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, এই ঘটনার পর সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে পুলিশ। হোয়াটসঅ্যাপ কিংবা অপরিচিত কোনও নম্বর থেকে আসা সন্দেহজনক লিঙ্ক বা APK ফাইল ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে ই-মেল ও এসএমএসের মাধ্যমে আসা অপরিচিত লিঙ্কেও ক্লিক করতে নিষেধ করা হয়েছে। কোনও ব্যক্তি সাইবার প্রতারণার শিকার হলে দেরি না করে দ্রুত ১৯৩০ নম্বরের সাইবার হেল্পলাইনে যোগাযোগ করার আবেদন জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *