গুজরাটের পরে দিল্লিতেও জইশ যোগে গ্রেপ্তার ১ জঙ্গি সন্দেহভাজন

Spread the news

২৮ নভেম্বর : পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (JeM) নেটওয়ার্ক নিয়ে তৎপরতা বাড়াল নিরাপত্তা সংস্থাগুলি। গুজরাটের ভদোদরায় জইশের সঙ্গে যোগাযোগের অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের পরে এ বার দিল্লিতেও পুলিশের জালে এক সন্দেহভাজন। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযোগ, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তরুণদের জঙ্গি মতাদর্শে প্রভাবিত করা এবং সংগঠনে নিয়োগের কাজে যুক্ত ছিল ধৃত ব্যক্তি।

তদন্তকারীদের দাবি, বেশ কিছু দিন ধরেই সন্দেহভাজনের অনলাইন গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁর কার্যকলাপ এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তদন্ত শুরু হয়। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর মদতে অনলাইনে তরুণদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দিল্লিতে গ্রেপ্তারির আগে শুক্রবার ভদোদরায় অভিযান চালায় গুজরাট পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। জইশের সঙ্গে যোগাযোগের অভিযোগে অসমের শ্রীভূমির বাসিন্দা ২২ বছরের মহম্মদ সাহারুল ইসলাম কবিরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি একে-৪৭-এর মতো অ্যাসল্ট রাইফেল, দু’টি খালি ম্যাগাজিন, ২৩টি কার্তুজ, জইশের পতাকা, দু’টি মোবাইল ফোন, সিম কার্ড এবং প্রায় ২০ হাজার টাকা উদ্ধার হয়েছে।

ATS-র দাবি, ভদোদরার ভারতীয় বায়ুসেনার ঘাঁটি-সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনা করছিল ওই যুবক। তার মোবাইল থেকে বায়ুসেনা ঘাঁটির ছবি, নজরদারি চালানোর ভিডিয়ো, গুগল ম্যাপের স্ক্রিনশট এবং সম্ভাব্য নাশকতার টার্গেট তথ্য মিলেছে। পাকিস্তানি জইশ হ্যান্ডলার মুফতি রফিক ওরফে ইবন আবদুল্লার সঙ্গে তার যোগাযোগ ছিল বলে সন্দেহ। হামলার প্রস্তুতির জন্য ওই হ্যান্ডলার তাকে ৫০ হাজার টাকা দিয়েছিল বলেও দাবি তদন্তকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *