বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : শিলচর শহরে নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলচর পুর নিগম। পুর নিগমের উদ্যোগে পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে ফুটপাতের একটি ব্যবসায়িক এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের যাতায়াতের জন্য নির্ধারিত ফুটপাতের মতো গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসার আড়ালে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্যের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। জনসাধারণের চলাচলের জায়গায় এ ধরনের বেআইনি কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা যায় না।

এ প্রসঙ্গে বলা হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার সমাজের জন্য এক বড় অভিশাপ। বিশেষ করে যুবসমাজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে মাদকের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। তাই মাদকদ্রব্যের অবৈধ মজুত, বিক্রি ও বিস্তারের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।



