বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : বরপেটা রোড ও হাউলির মধ্যবর্তী হটাপাড়ায় ২৭ নম্বর জাতীয় সড়কের উপর এক মহিলাকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্য সড়কে সংঘটিত এই হত্যাকাণ্ডে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাঁর প্রাক্তন স্বামী হাসেন আলি।
জানা গেছে, বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা নাগাদ হাউলি থেকে স্কুটিতে বরপেটা রোডের দিকে যাচ্ছিলেন রেজিয়া খাতুন। সঙ্গে ছিলেন এক যুবতী। হটাপাড়ায় পৌঁছতেই বাইকে করে আসা এক ব্যক্তি আচমকা দা দিয়ে রেজিয়ার উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটি দেখে তাঁর সঙ্গী যুবতী চিৎকার শুরু করলে স্থানীয়রা শিমলাগুড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় রেজিয়াকে উদ্ধার করে বরপেটা রোড সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সঙ্গে থাকা যুবতীর বয়ানের ভিত্তিতে মৃতার পরিচয় শনাক্ত হয়। তাঁর বাড়ি হাউলি থানার অন্তর্গত বরবালা গ্রামে।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই হাসেন আলি রেজিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। প্রায় দু’বছর আগে নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আইনগতভাবে বিবাহবিচ্ছেদ করেন। তবে বিচ্ছেদের পরও একাধিকবার তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অতীতে মারধর করে পা ভেঙে দেওয়া এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করার অভিযোগও তুলেছেন পরিবারের সদস্যরা।
ইতিমধ্যে হাসেন আলির বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে পরিবার। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী যুবতীর বয়ান ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে পুলিশ।
প্রকাশ্য জাতীয় সড়কে এমন নৃশংস হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।



