বদরপুর রেলস্টেশনে হেরোইন উদ্ধার, গ্রেফতার যুবক

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া। 
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : বদরপুর রেলস্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের সন্দেহভাজন হেরোইন (ব্রাউন সুগার) উদ্ধার করল রেল পুলিশ (জিআরপি)। এই ঘটনায় ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ২৪.৫৮ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৯১ হাজার টাকা।

জিআরপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ১৪৬১৯ নম্বর ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস বদরপুর রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে জিআরপি ও আরপিএফ কর্মীরা নিয়মিত তল্লাশি অভিযান চালান। সেই সময় ট্রেনের একটি সাধারণ কামরায় এক যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। এরপর তাঁর সঙ্গে থাকা সবুজ রঙের একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে দুটি প্যাকেটে রাখা সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

ধৃত যুবকের নাম রবিকুমার যাদব (২০)। তিনি বিহারের বৈশালী জেলার পাটেপুর থানার অন্তর্গত রঘাপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম সিয়ারাম রায়। ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই তাঁকে আটক করে নামিয়ে আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছেন বলে জিআরপি সূত্রে দাবি, আগরতলার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে তিনি প্রতি বাক্স ৩০ হাজার টাকা দরে ওই মাদক কিনেছিলেন। পরে নিজের গ্রামের এলাকায় ছোট ছোট পাত্রে ভাগ করে প্রতি বাক্স প্রায় ৬০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা ছিল তাঁর।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। এনডিপিএস আইন, ১৯৮৫ অনুযায়ী ধৃতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে জিআরপি সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *