পাথারকান্দিতে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধা ডেঙ্গু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : বর্ষা বিদায় নিলেও পাথারকান্দিতে কমছে না মশার উপদ্রব। বরং ক্রমশ বাড়ছে জ্বরের প্রকোপ, সঙ্গে ডেঙ্গু সংক্রমণের খবরে ছড়াচ্ছে আতঙ্ক। ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগী, হাসপাতালমুখী মানুষের ভিড় এবং ডেঙ্গু আক্রান্তের খবর ঘিরে উদ্বেগ বাড়ছে গোটা এলাকায়। অথচ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

প্রাপ্ত খবর অনুযায়ী, পাথারকান্দির তিনখাল এলাকার ৬৫ বছর বয়সী বাসনা সিনহার শরীরে ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মাকুন্দা ক্রিশ্চিয়ান হাসপাতাল থেকে বুধবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য শিলচরে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে, নালিবাড়ি এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। যদিও মৃত্যুর কারণ ডেঙ্গু বলে স্বাস্থ্য বিভাগের তরফে এখনও সরকারি নিশ্চয়তা মেলেনি।

এদিকে, গত কয়েকদিন ধরে পাথারকান্দি হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে রোগীর ভিড় বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অনেকের রক্ত পরীক্ষায় ডেঙ্গু সংক্রমণ ধরা পড়ার দাবিও উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মশার উপদ্রব বাড়লেও মশা নিধনে ফগিং, জমা জল পরিষ্কার কিংবা সচেতনতামূলক কোনও অভিযান চোখে পড়ছে না। বাড়ির আশপাশে জমে থাকা জল, অপরিষ্কার নর্দমা ও আবর্জনার স্তূপ মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে।

এমন পরিস্থিতিতে অবিলম্বে পাথারকান্দি ও সংলগ্ন এলাকায় বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান চালানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। নিয়মিত ফগিং, মশার লার্ভা ধ্বংস, জমা জল অপসারণ এবং বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জ্বরাক্রান্তদের প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থার দাবিও উঠেছে। চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *