বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বঙাইগাঁও জেলার যোগীঘোপা থেকে ১৩ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৈধ অনুমতি ছাড়াই তাঁরা ভারতে প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে। যোগীঘোপায় অভিযান চালিয়ে বঙাইগাঁও পুলিশ তাঁদের আটক করে।
এই ঘটনার পর আটক ব্যক্তিদের প্রকৃত পরিচয়, কী পরিস্থিতিতে তাঁরা ভারতে প্রবেশ করেছেন এবং স্থানীয়ভাবে কেউ তাঁদের আশ্রয় বা সহায়তা দিয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র যাচাই করার পাশাপাশি কীভাবে এবং কোন পথে তাঁরা দেশে প্রবেশ করেছেন, সে বিষয়েও বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে। তদন্তের অগ্রগতি এবং তাঁদের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ সম্পর্কে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।




