বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : জাতীয় স্তরের প্যারা টেবিল টেনিস প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করে শিলচর তথা অসমের ক্রীড়াঙ্গনে গৌরব বয়ে আনল বিপ্রজিত দেব। UTT দ্বিতীয় জাতীয় প্যারা র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অসমের হয়ে প্যারা ক্লাস-১০ বিভাগে অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করেছে সে।

প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মহারাষ্ট্রের সঞ্জয় আয়াচিকে ৩-০ সেটে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় বিপ্রজিত। সেমিফাইনালে তার প্রতিপক্ষ ছিল তেলেঙ্গানার হিতেশ দলওয়ানি। সেমিফাইনালে পৌঁছানোর সুবাদে তার ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়।
বিপ্রজিত দেব শিলচরের অম্বিকাপট্টির বাসিন্দা বিশ্বজিৎ দেব ও মিতালী দেবের পুত্র। সে তারাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন ডিএসএ টেবিল টেনিস অ্যাকাডেমি, শিলচরের কোচ পার্থ দেব ও শুভাশিস চক্রবর্তী। আগামী দিনে আরও কঠোর অনুশীলনের মাধ্যমে বিপ্রজিত জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।




