২৬ নভেম্বর : মিসরের রাজধানী কায়রোর বৃহত্তর এলাকায় জ্বালানিজাত পণ্যবাহী একটি গাড়ি উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
বুধবার গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় কায়রোর রিং রোডে একটি টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানিজাত পণ্যবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের বেশ কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে।

কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোর সঙ্গে রিং রোডটির সংযোগ রয়েছে। ফলে সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দুর্ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল পুড়ে যায়।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে মন্ত্রণালয়।

মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির সরকারি কৌঁসুলির দপ্তর। প্রাথমিক তদন্তে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেওয়ার পর গাড়িটি উল্টে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। তথ্যসূত্র: রয়টার্স



