বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : সচল ও পাঠযোগ্য বিদ্যুৎ মিটার থাকা সত্ত্বেও গ্রাহকদের মনগড়া ‘গড় বিল’ পাঠানোর অভিযোগ তুলে এপিডিসিএলের বিরুদ্ধে সরব হল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। বুধবার সংগঠনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে শিলচরের মেহেরপুরে অবস্থিত কাছাড় ইলেকট্রিক্যাল সার্কেলের চিফ এগজিকিউটিভ অফিসারের কাছে এ সংক্রান্ত একটি স্মারকপত্র প্রদান করা হয়।
স্মারকপত্রে অভিযোগ করা হয়েছে, কাছাড় জেলার বিভিন্ন বিদ্যুৎ উপবিভাগে, বিশেষ করে উধারবন্দ সাব-ডিভিশনে, সম্পূর্ণ সচল এবং সহজে পাঠযোগ্য মিটার থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের নিয়মিতভাবে মনগড়া ‘গড়’ বা ‘প্রভিশনাল’ বিল পাঠানো হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকদের অযথা আর্থিক দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

সংগঠনের বক্তব্য, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের ‘ইলেকট্রিসিটি (রাইটস অফ কনজিউমার্স) রুলস, ২০২০’ এবং অসম বিদ্যুৎ নিয়ন্ত্রণ আয়োগের (AERC) সাপ্লাই কোড অনুযায়ী সচল মিটারের ক্ষেত্রে প্রকৃত রিডিংয়ের ভিত্তিতেই বিল প্রস্তুত করা বাধ্যতামূলক। মিটার নষ্ট থাকা কিংবা বাড়ি তালাবন্ধ থাকায় রিডিং নেওয়া সম্ভব না হলে সাময়িকভাবে গড় বিল পাঠানোর সুযোগ থাকলেও পরবর্তী বিলে প্রকৃত রিডিং অনুযায়ী তা সমন্বয় করতে হয়। পরপর দুটির বেশি গড় বিল পাঠানোও নিয়মবিরুদ্ধ বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, পরপর দুই মাস মিটার রিডিং নেওয়া না হলে গ্রাহক নিজেই মিটারের তারিখ ও সময়সহ ছবি অ্যাপ বা পোর্টালের মাধ্যমে জমা দিতে পারেন বলেও জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, অস্বাভাবিক গড় বিলের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিদ্যুৎ দফতরে গেলে অনেক ক্ষেত্রে আধিকারিকরা গ্রাহকদের প্রিপেইড স্মার্ট মিটার বসানোর জন্য চাপ দিচ্ছেন। এ ক্ষেত্রে পুরনো কেন্দ্রীয় গেজেট বিজ্ঞপ্তি দেখিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি সংগঠনের। তাদের বক্তব্য, ২০২৬ সালের ২ এপ্রিল কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী সংসদে স্পষ্ট জানিয়েছেন, কোনও অবস্থাতেই প্রিপেইড স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়।

এদিন সংগঠনের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে জেলার সমস্ত সাব-ডিভিশনে, বিশেষত উধারবন্দে, সচল মিটারের ক্ষেত্রে গড় বিল প্রদান বন্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি প্রতিটি সাব-ডিভিশন অফিসে বিশেষ ক্যাম্প বা অভিযোগ নিষ্পত্তি ডেস্ক চালু করে প্রকৃত মিটার রিডিং যাচাই, পূর্ববর্তী মাসগুলিতে অতিরিক্ত আদায় করা অর্থ পরবর্তী বিলের সঙ্গে সমন্বয় এবং প্রকৃতপক্ষে বিকল মিটার নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা করে প্রতিস্থাপনের দাবিও জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে জেলার বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে নিয়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের অসম রাজ্য শাখার অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য, কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির অন্যতম সাধারণ সম্পাদক অঞ্জন কুমার চন্দ এবং কার্যকরী কমিটির সদস্য নেহারুল আহমদ মজুমদার, পাভলভ লস্কর ও খাদেজা বেগম লস্কর। স্মারকলিপির প্রতিলিপি কাছাড়ের জেলা কমিশনার, অসম বিদ্যুৎ নিয়ন্ত্রণ আয়োগের সচিব এবং শিলচরের কনজিউমার্স গ্রিভান্স রিড্রেসাল ফোরামের চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে।



