২৫ নভেম্বর : মাত্র ১২ দিনের ব্যবধানে ফের তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচ সেনাসদস্যেরই মৃত্যু হয়েছে। মঙ্গলবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বিমান বাহিনীর এএস-৫৩২ কুগার সিরিজের হেলিকপ্টারটি প্রশিক্ষণ উড্ডয়নের সময় ভেঙে পড়ে। এতে হেলিকপ্টারের পাঁচজন আরোহীর কেউই প্রাণে বাঁচেননি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হেলিকপ্টারটি এসকিশেহির প্রদেশের একটি সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ আকাশে ওড়ার পর সেটি প্রদেশের তেপেবাসী জেলার একটি খোলা তৃণভূমিতে বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দল। তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ও জরুরি পরিষেবার যানবাহন দেখা গেছে।
তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, এএস-৫৩২ কুগার ফ্রান্সে নির্মিত দুই ইঞ্জিনবিশিষ্ট বহুমুখী সামরিক হেলিকপ্টার। সেনা পরিবহণসহ বিভিন্ন সামরিক অভিযানে এই হেলিকপ্টার ব্যবহার করা হয়।
এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি এস-৭০ সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনায় চার সেনাসদস্যের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার কারণও এখনও জানা যায়নি। ফলে মাত্র ১২ দিনের ব্যবধানে পরপর দু’টি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কের সামরিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।



