হাইলাকান্দিতে এইচএসএলসি পরীক্ষার্থীদের নিয়ে ‘স্পন্দন’ কর্মশালা, উৎসাহিত করলেন মিলন দাস

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : ২০২৭ সালের হাইস্কুল লিভিং সার্টিফিকেট (এইচএসএলসি) পরীক্ষায় অবতীর্ণ হতে চলা ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও পরীক্ষার প্রস্তুতিতে উৎসাহ জোগাতে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হলো ‘স্পন্দন’ শীর্ষক এক প্রেরণামূলক কর্মশালা। মঙ্গলবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সহযোগিতায় শিক্ষা বিভাগের উদ্যোগে স্থানীয় এসএস কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।

হাইলাকান্দি জেলা সার্কলের সহকারী আয়ুক্ত তথা বিদ্যালয়সমূহের পরিদর্শক কিষাণ চোরাই ত্রিপুরা, এ.সি.এস.-এর তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা, পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি এবং আসন্ন বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও কৌশল সম্পর্কে অবহিত করা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ মিলন দাস। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি আত্মবিশ্বাস, আত্মপ্রেরণা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন। জীবনে সাফল্য অর্জনের জন্য নির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *