সোনাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ অর্থ আত্মসাতের পরিকল্পনা ফাঁসের অভিযোগ, ক্ষুব্ধ আমিনুল

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : সোনাই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মেরামতির জন্য বরাদ্দ কয়েক কোটি টাকা আত্মসাতের পরিকল্পনা চলছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে ডিডিএমএ প্রকল্পের অধীনে বরাদ্দ অর্থ আত্মসাতের পরিকল্পনার অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আমিনুল বলেন, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলপি, এমই, হাইস্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলসহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মেরামতির জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের পরিকল্পনা চলছে। তাঁর দাবি, ডিডিএমএ প্রকল্পের অধীনে সোনাইয়ে ১০৪টি স্কুল মেরামতির জন্য ১২ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। একইভাবে ৫৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র মেরামতির জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৯৩ লক্ষ টাকা।

বিধায়ক জানান, এসসি রায় হাইস্কুলের মেরামতির জন্য ২৫ লক্ষ, স্বাধীন বাজার হাইস্কুলের জন্য ২৫ লক্ষ, রমনিমোহন হাইস্কুলের জন্য ১২ লক্ষ ৫০ হাজার, সোনাই এনজি স্কুলের জন্য ২৫ লক্ষ, সাতকরাকান্দি হাইস্কুলের জন্য ২৫ লক্ষ ৪৭২ টাকা এবং সাতকরাকান্দি এলপি স্কুলের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেরামতির জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দের বিষয়টিও তুলে ধরেন তিনি।

তাঁর আরও অভিযোগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেরামতির জন্য বরাদ্দ অর্থের বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। সামান্য অর্থ ব্যয় করে সিংহভাগ টাকা আত্মসাতের পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করে এলাকার জনগণ, স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটিগুলিকে সতর্ক থাকার আহ্বান জানান বিধায়ক।
আমিনূল আরও অভিযোগ করেন, কোনও টেন্ডার আহ্বান না করেই ঠিকাদারদের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, স্কুল মেরামতির ২২টি কাজের জন্য ২ কোটি ৮৭ লক্ষ টাকার বরাত পেয়েছেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। এছাড়া ১১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র মেরামতির জন্য বরাদ্দ ৪২ লক্ষ টাকার কাজ পেয়েছে আরএফ কনস্ট্রাকশন।

সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বরাদ্দ ও কাজের দায়িত্ব বণ্টন নিয়ে একাধিক প্রশ্ন তুলে ধরে সোনাইয়ের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান আমিনূল। পাশাপাশি গোটা ঘটনাক্রম নিয়ে বিধানসভায় সরব হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিবপুর-বাঁশকান্দি জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি আব্দুর রহিম লস্কর, সোনাবাড়িঘাট-বাগপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, শিবপুর জিপির এপি সদস্যার প্রতিনিধি লতু আহমেদ মজুমদার, সোনাই ও বাঁশকান্দি ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমদ লস্কর এবং নুর আহমদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *