করিমগঞ্জ সিভিল হাসপাতালের নাম পরিবর্তনের প্রতিবাদ নাগরিক কমিটির, উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে সরব

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : করিমগঞ্জ জেলার লক্ষ লক্ষ সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান সরকারি ভরসাস্থল করিমগঞ্জ সিভিল হাসপাতালের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ‘স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি’। এ নিয়ে কমিটির আহ্বায়ক সুনীত রঞ্জন দত্ত, রজত চক্রবর্তী, অরুণাংশু ভট্টাচার্য, তাপস পুরকায়স্থ, বদরুল হক চৌধুরী এবং সুদীপ্তা দে চৌধুরী এক যৌথ প্রেস বিবৃতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরেই চিকিৎসক, চিকিৎসা পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, ওষুধপত্র এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর অভাবে করিমগঞ্জ সিভিল হাসপাতাল গভীর সংকটের মধ্য দিয়ে চলছে। উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন বহু সাধারণ ও দরিদ্র মানুষ এই হাসপাতালে এলেও প্রয়োজনীয় পরিষেবা না পেয়ে তাঁদের অনেককেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ফলে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক দুর্ভোগের পাশাপাশি সময়ের অপচয় এবং চরম হয়রানির শিকার হতে হচ্ছে।
হাসপাতালে স্থায়ী সার্জন না থাকায় সাধারণ অস্ত্রোপচারও নিয়মিতভাবে করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। অর্থোপেডিক বিভাগের নিজস্ব অপারেশন থিয়েটার নেই। পাশাপাশি হাসপাতালের অপারেশন থিয়েটারেও আধুনিক ও উন্নতমানের যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে দুর্ঘটনায় আহত রোগী, হাড়ের জটিল সমস্যা কিংবা অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দিলে রোগীদের শিলচরে পাঠিয়ে দিতে হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, উন্নতমানের সোনোগ্রাফি মেশিন এবং পর্যাপ্ত টেকনিশিয়ানের অভাবে প্রয়োজনীয় পরীক্ষার জন্য রোগীদের প্রায় এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। রিপোর্ট পেতেও দীর্ঘ বিলম্ব হচ্ছে। একইভাবে এক্স-রে পরীক্ষার রিপোর্টও অনেক সময় নির্ধারিত দিনে পাওয়া যায় না। এর ফলে চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের বাইরে থেকে ব্যয়বহুল পরীক্ষা করাতে বাধ্য হতে হচ্ছে।

সরকারি হাসপাতালে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে ওষুধ পাওয়ার যে অধিকার সাধারণ মানুষের রয়েছে, বাস্তবে তার যথাযথ প্রতিফলন ঘটছে না বলেও অভিযোগ করেছে নাগরিক কমিটি। হাসপাতালের আইসিইউ পরিষেবার বেহাল অবস্থা, অপর্যাপ্ত রেজিস্ট্রেশন কাউন্টার, ওষুধ বিতরণের জন্য প্রয়োজনীয় পৃথক কাউন্টার ও কর্মীর অভাবের কারণে রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হাসপাতালের সামগ্রিক পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

নাগরিক কমিটির প্রশ্ন, রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে করিমগঞ্জ সিভিল হাসপাতালের এই জ্বলন্ত সমস্যাগুলির সমাধান কি অসম্ভব ছিল? তাঁদের অভিযোগ, শিক্ষা, শিল্প ও যোগাযোগ ব্যবস্থার মতো স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও করিমগঞ্জ জেলা দীর্ঘদিন ধরে বৈষম্য, বঞ্চনা ও অবহেলার শিকার হচ্ছে।

বিবৃতিতে সম্প্রতি করিমগঞ্জে দুর্গাপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। কমিটির অভিযোগ, ওই ঘটনায় দোষী-নির্দোষের যথাযথ বিচার না করেই সরকার ও প্রশাসন একপক্ষীয়ভাবে স্থানীয় যুবকদের উপর অত্যাচার চালিয়েছে।
এমন পরিস্থিতিতে সিভিল হাসপাতালের নাম পরিবর্তনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক কমিটি। তাঁদের মতে, হাসপাতালের প্রকৃত সমস্যা ও সাধারণ মানুষের জরুরি দাবিগুলিকে আড়াল করতেই এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে সাম্প্রদায়িক চিন্তাভাবনাকে উসকে দেওয়ারও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার না দিয়ে নাম পরিবর্তনে গুরুত্ব দেওয়া অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করা হয়েছে।

নাগরিক কমিটির পক্ষ থেকে অসম সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে, অবিলম্বে করিমগঞ্জ সিভিল হাসপাতালের নাম পুনরায় ‘করিমগঞ্জ সিভিল হাসপাতাল’ হিসেবে বহাল রাখতে হবে। একই সঙ্গে নাম পরিবর্তনের পরিবর্তে হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তাঁদের দাবির মধ্যে রয়েছে পর্যাপ্ত সংখ্যক স্থায়ী চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, স্থায়ী সার্জন নিযুক্ত করা এবং নিউরোলজি, কার্ডিওলজি, ডার্মাটোলজিসহ সমস্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ বিভাগ চালু করা। প্রতিটি বিভাগে স্থায়ী চিকিৎসক নিয়োগের মাধ্যমে করিমগঞ্জ সিভিল হাসপাতালকে পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবার উপযোগী করে তোলারও দাবি জানিয়েছেন তাঁরা। কমিটির বক্তব্য, হাসপাতালের নাম পরিবর্তন নয়, বরং সাধারণ মানুষের চিকিৎসার অধিকার সুনিশ্চিত করে উন্নত ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই হওয়া উচিত সরকারের প্রধান অগ্রাধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *