৪৫ বছর পর কালাছড়া মুরশিদুয়ালে ফিরছে মহারাসলীলা, ঘুঙুরের ঝঙ্কারে মুখরিত এলাকা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের মহারাসলীলার আসর বসতে চলেছে বাজারিছড়ার কালাছড়া মুরশিদুয়ালে। রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের নাটমণ্ডপে রাধাকৃষ্ণের লীলামাধুর্যে মেতে উঠবেন ভক্ত-অনুরাগীরা। ঘুঙুরের ঝঙ্কার, মৃদঙ্গের বোল এবং কৃষ্ণপ্রেমের আবেশে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

আগামী মঙ্গলবার কালাছড়া মুরশিদুয়াল গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই মহারাসলীলা। অনুষ্ঠানকে সফল করে তুলতে বেশ কয়েক দিন ধরেই চলছে জোরদার প্রস্তুতি। আয়োজকদের মতে, দীর্ঘদিনের বিরতির পর এলাকার ঐতিহ্যবাহী এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুনরায় চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এবারের মহারাসলীলায় রাধাকৃষ্ণের পাশাপাশি অংশগ্রহণ করবে ১৮ জন গোপী। তাঁদের নৃত্য ও অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে শ্রীকৃষ্ণের বৃন্দাবনলীলার বিভিন্ন দিক। এ উপলক্ষে এলাকার কুমারীদের প্রায় এক মাস ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে চলছে শেষ মুহূর্তের মহড়া।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে পরিচালন কমিটির কর্মকর্তারা জানান, প্রায় সাড়ে চার দশক পর এই আয়োজন ঘিরে প্রবীণদের মধ্যে পুরনো স্মৃতি ফিরে এসেছে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। আয়োজকদের সূচি অনুযায়ী, রাত ৮টায় শুরু হবে আনুষ্ঠানিক পর্ব। রাত ১০টায় শুভারম্ভ হবে মহারাসলীলার। কাকভোর পর্যন্ত চলবে এই ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *