কেসি পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সফল সমাপ্তি, কৃতজ্ঞতা জেলা ক্রীড়া সংস্থার

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং টানটান ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হল শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত প্রথম কেসি পাল স্মৃতি আমন্ত্রিত ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার সফল সমাপ্তির পর এই বৃহৎ ক্রীড়া আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেলা ক্রীড়া সংস্থা।

এ উপলক্ষে টুর্নামেন্ট কমিটির সহসম্পাদক দীপঙ্কর আদিত্য এক প্রেস বিবৃতিতে জানান, একটি বড় মাপের ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা কখনওই একক প্রচেষ্টায় সম্ভব নয়। এর পিছনে থাকে বহু মানুষের নিরলস পরিশ্রম, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সম্মিলিত সহযোগিতা। কেসি পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম সংস্করণের সাফল্যও সেই সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন।

বিবৃতিতে সর্বাগ্রে প্রতিযোগিতার দাতা পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাঁদের উদার পৃষ্ঠপোষকতা ও ক্রীড়ার প্রতি ভালোবাসা এই প্রতিযোগিতা আয়োজনের অন্যতম প্রধান ভিত্তি বলে উল্লেখ করা হয়। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা পাথারকান্দির বিধায়ক ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বলিষ্ঠ নেতৃত্ব, পরিকল্পনা, উৎসাহ এবং সার্বিক তত্ত্বাবধানেরও ভূয়সী প্রশংসা করা হয়েছে।

এছাড়া টুর্নামেন্ট কমিটির প্রত্যেক সদস্য এবং বিভিন্ন উপসমিতির সভাপতি, আহ্বায়ক ও সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। তাঁদের সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা প্রতিযোগিতার প্রতিটি পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

প্রতিযোগিতার নির্বিঘ্ন পরিচালনা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সহযোগিতার জন্য শ্রীভূমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং শ্রীভূমি পৌরসভার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রতিযোগিতার খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংবাদমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের ধন্যবাদ জানানো হয়। মাঠকর্মী, স্বেচ্ছাসেবক এবং নেপথ্যে থেকে কাজ করা প্রত্যেক সহযোগীর অবদানও স্মরণ করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, কর্মকর্তা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী এবং সর্বোপরি বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থা। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ প্রতিযোগিতাকে বিশেষ মাত্রা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দীপঙ্কর আদিত্য আরও জানান, এই সাফল্য কেবল একটি ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি নয়, বরং শ্রীভূমির ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচনা। ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকলে শ্রীভূমি রাজ্য তথা জাতীয় ক্রীড়াঙ্গনে আরও উজ্জ্বল পরিচিতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সবশেষে তিনি বলেন, এই সাফল্য কোনও একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়। দাতা পরিবার, আয়োজক, প্রশাসন, স্বেচ্ছাসেবক, খেলোয়াড় এবং সমগ্র শ্রীভূমিবাসীর সম্মিলিত প্রচেষ্টারই ফসল কেসি পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সফল প্রথম সংস্করণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *