মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : রাসায়নিক সামগ্রী পরিবহণের আড়ালে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় কফ সিরাপ পাচারের চেষ্টা বানচাল করল অসম পুলিশ। শ্রীভূমি জেলার চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে অভিযান চালিয়ে একটি ছয় চাকার কন্টেনারবাহী লরি থেকে উদ্ধার করা হয়েছে ২৩৬ কার্টন এস্কাফ কফ সিরাপ। উদ্ধার হওয়া বোতলের সংখ্যা ৩৪ হাজার ৪৫০টি। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, বাজেয়াপ্ত কফ সিরাপের কালোবাজারি মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এই ঘটনায় লরিচালককে গ্রেফতার করেছে বাজারিছড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আরজে-০৯-জিসি-৯৯২৪ নম্বরের একটি ছয় চাকার কন্টেনারবাহী লরি রাসায়নিক সামগ্রী নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে যাচ্ছিল। চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশকর্মীরা লরিটি আটক করে তল্লাশি চালান। প্রথমে কন্টেনারের ভিতরে রাসায়নিক সামগ্রীর প্যাকেট দেখা গেলেও গভীরভাবে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে পাচারের চাঞ্চল্যকর তথ্য। রাসায়নিক সামগ্রীর আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ এস্কাফ কফ সিরাপ। পরে কন্টেনার থেকে একে একে ২৩৬ কার্টন উদ্ধার করা হয়। গণনা করে দেখা যায়, কার্টনগুলিতে মোট ৩৪ হাজার ৪৫০ বোতল কফ সিরাপ রয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর বিপুল পরিমাণ এবং আনুমানিক বাজারমূল্য ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কফ সিরাপের চালানটি ঝাড়খণ্ডের রাঁচি থেকে লরিতে তোলা হয়েছিল। রাসায়নিক সামগ্রীর আড়ালে সেগুলি ত্রিপুরায় পাচারের পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। তবে এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, এর নেপথ্যে মূল হোতা কে এবং কোথায় চালানটি পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় লরিচালক রাজেন্দ্র প্রসাদকে গ্রেফতার করা হয়েছে। ৪০ বছর বয়সি ধৃতের পিতার নাম লক্ষ্মী প্রসাদ। তাঁর বাড়ি বিহারের রাজদেউলিতে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে বাজারিছড়া থানার পুলিশ। সোমবারই তাঁকে শ্রীভূমি জেলা মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করার কথা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, অসম, মিজোরাম ও ত্রিপুরার সংযোগস্থলে অবস্থিত চুরাইবাড়ি আন্তঃরাজ্য পণ্য পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। দীর্ঘদিন ধরেই এই পথকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অবৈধ সামগ্রী পাচারের অভিযোগ উঠেছে। রাসায়নিক পণ্যের আড়ালে এভাবে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ পরিবহণের ঘটনা ফের আন্তঃরাজ্য পাচারচক্রের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।



