সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ান নিখোঁজ, বরাক-সুরমা-কুশিয়ারা নদীপথে তল্লাশি

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : কাছাড় জেলার কাটিগড়ার আন্তর্জাতিক সীমান্তে রাতের প্রহরার দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান। নিখোঁজ জওয়ানের নাম কে ভেনু (৩০)। নির্ধারিত সময়ের মধ্যে শিবিরে ফিরে না আসায় সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ জওয়ানের সন্ধানে বিএসএফ, কাটিগড়া পুলিশ ও এসডিআরএফের যৌথ উদ্যোগে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাতে আন্তর্জাতিক সীমান্তে প্রহরার দায়িত্ব পালনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন ৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান কে ভেনু। কিন্তু দায়িত্ব পালনের পর নির্ধারিত সময়ে তিনি আর শিবিরে ফিরে আসেননি। প্রথমে বিষয়টি বিএসএফ কর্তৃপক্ষের নজরে আসে। পরে হরিনগর বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে কাটিগড়া থানায় বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে কাটিগড়া পুলিশের এসআই সামান আলী মজুমদার পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি অনুসন্ধান অভিযানে যোগ দেয় এসডিআরএফের একটি দল। এরপর থেকেই নদী ও সংলগ্ন এলাকায় নিখোঁজ জওয়ানের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে বরাক, সুরমা ও কুশিয়ারা নদী ব্যবস্থার সংযোগবর্তী জলপথে অনুসন্ধানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, নিখোঁজ জওয়ানের সন্ধানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তার সঙ্গে বিষয়টি সরাসরি জড়িয়ে থাকায় ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। রাতের অন্ধকারে প্রহরার দায়িত্ব পালন করতে গিয়ে কীভাবে নিখোঁজ হলেন ওই জওয়ান? অসাবধানতাবশত নদীতে পড়ে যাওয়ার ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ—তা নিয়ে চলছে নানা জল্পনা।

তবে তদন্ত ও অনুসন্ধান সম্পূর্ণ হওয়ার আগে নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আপাতত বিএসএফ, পুলিশ ও এসডিআরএফের নজর নিখোঁজ জওয়ানের সন্ধানে চলা উদ্ধার অভিযানের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *