কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রে সাড়ম্বরে পালিত শ্রীশ্রী বড়দার ১১৬তম আবির্ভাব বার্ষিকী উৎসব

Spread the news

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : ভক্তি, নিষ্ঠা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসাড়ম্বরে পালিত হলো পরম প্রেমময় শ্রীশ্রী বড়দার ১১৬তম আবির্ভাব বার্ষিকী উৎসব। শনিবার কাছাড় জেলার কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে দিনভর নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় এই পুণ্যোৎসব। অতি প্রত্যুষ থেকে শুরু হয়ে উৎসবের কর্মসূচি চলে রাত ১০টা পর্যন্ত।

এদিন ঊষাকীর্তনের মধ্য দিয়ে উৎসবের শুভারম্ভ হয়। সকাল ও সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিনতী প্রার্থনা, নামজপ ও সদগ্রন্থ পাঠ। পাশাপাশি সকালে আয়োজিত হয় মাতৃ সম্মেলন। এছাড়াও ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন সৎসঙ্গী ও ভক্তবৃন্দ। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে শ্রীশ্রী বড়দার শুভ আবির্ভাব লগ্ন ঘোষণা করা হয়। সেই পবিত্র মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মন্দির প্রাঙ্গণে বিশেষ আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়।

ঠাকুরের কর্মী তথা সহ প্রতিঋত্বিক অনিল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় শ্রীশ্রী বড়দার জীবনাদর্শ, আধ্যাত্মিক চিন্তাধারা ও মানবকল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সহ-প্রতিঋত্বিক পিনাক ধর, শিলাদিত্য পাল, অমরেন্দ্র কুমার দাস, অসিত দেব, সলিল দাস প্রমুখ।

অন্যদিকে, অনিমা পালের সভাপতিত্বে আয়োজিত মাতৃ সম্মেলনে বক্তব্য রাখেন অপর্ণা চৌধুরী, সুপ্তা দাস সহ অন্যান্য বিশিষ্ট বক্তারা। তাঁদের বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক ও সামাজিক জীবনে মাতৃশক্তির ভূমিকা এবং ঠাকুরের আদর্শ অনুসরণের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। এক সময় উৎসবে যোগদান করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনিও শ্রীশ্রী ঠাকুর ও শ্রীশ্রী বড়দার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ঠাকুরের বাণী গুলো পালন করলে জীবনে সফলতা আসবে এবং ঠাকুর ধরার উপলব্ধি হবে বলে মন্তব্য করেন।

উৎসব উপলক্ষে দুপুর ও রাতে আয়োজিত ভাণ্ডারায় কয়েক হাজার ভক্ত-অনুরাগী মহাপ্রসাদ গ্রহণ করেন। গোটা দিন মন্দির প্রাঙ্গণ ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

উৎসবের সার্বিক সাফল্যে অমরেন্দ্র দাস, শিলাদিত্য পাল, সুপ্তা দাস, সলিল দাস, টুম্পা পাল, অজিত দে সহ অসংখ্য সৎসঙ্গী গুরু ভাই-বোনের নিরলস পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন কেন্দ্রের সভাপতি শমীন্দ্র পাল। একই সঙ্গে তিনি উৎসবের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিষ্ঠা চক্রবর্তী। ধর্মীয় আবহ, ভক্তিমূলক অনুষ্ঠান ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রীশ্রী বড়দার ১১৬তম আবির্ভাব বার্ষিকী উৎসব কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *