বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : ঐতিহ্যবাহী শ্রীশ্রী বরমবাবার ৮৫তম মেলা শুরু হতে আর মাত্র একদিনের অপেক্ষা। আগামী ২৩ নভেম্বর, সোমবার থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর পর্যন্ত টানা চারদিন চলবে এই মেলা। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শেষ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করেছে মন্দির পরিচালন কমিটি। বর্ণিল আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির প্রাঙ্গণ।
মন্দির পরিচালন কমিটির সাধারণ সম্পাদক অসিত দেব জানান, মেলার প্রস্তুতি চূড়ান্ত করতে শুক্রবার মন্দির প্রাঙ্গণে কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিলকুড়ি বাগানের চারটি ডিভিশন—শিলকুড়ি, ভরাখাই, ধরমখাল-দরগাকোণার পঞ্চায়েত সদস্য, পুরোহিতমণ্ডলী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, আগামী সোমবার বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ স্বামী গণাধিশানন্দজি মহারাজ। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী কৌশিক রায়। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এছাড়াও কাছাড়ের চার সাংসদ ও জেলার সকল বিধায়কের উপস্থিত থাকার কথা রয়েছে।
মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এবার ১৫০ থেকে ২০০ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। রবিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে স্বেচ্ছাসেবকদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তাঁদের দায়িত্ব বণ্টনের পাশাপাশি পরিচয়পত্রও প্রদান করা হবে। নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েনের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান অসিত দেব।

এদিকে, মেলায় আগত ব্যবসায়ীদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কমিটি। শনিবার সকাল ১০টার মধ্যে দোকানদারদের মধ্যে নির্ধারিত জায়গা বণ্টন করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই দোকানপাট খুলে যাবে। জেলা প্রশাসনের কাছ থেকে ২৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চারদিনের মেলা আয়োজনের অনুমতি মিলেছে। মেলা চলাকালীন যানজট এড়াতে সংশ্লিষ্ট রাস্তায় ডাইভারশন ব্যবস্থা কার্যকর করা হবে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ নভেম্বর দিনের বেলা থেকেই মেলা সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে। ওই দিন রাতের মধ্যেই মেলার সমস্ত সামগ্রী সরিয়ে রাস্তা পরিষ্কার করা হবে। ফলে ২৭ নভেম্বর সকাল থেকে সংশ্লিষ্ট রাস্তায় স্বাভাবিক যান চলাচল সম্ভব হবে। মেলাকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বরমবাবা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ওম প্রকাশ সিং।



