বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : মণিপুরের চান্দেল জেলায় ভেজাল মদ্যপানের অভিযোগে মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছে। মিথানল মিশ্রিত মদ পান করার জেরে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি অসুস্থ হয়ে ৮৬ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রাপ্ত খবর অনুযায়ী, চান্দেল জেলার চাকপিকারং মহকুমা এবং সংলগ্ন এলাকায় এই ঘটনা প্রকাশ্যে আসে। বিষাক্ত মদ্যপানের জেরে একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে শিজা হাসপাতাল পরিদর্শন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। সেখানে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি চিকিৎসা পরিষেবা ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং মদের উৎস সম্পর্কে বিস্তারিত তদন্তের পরই পূর্ণাঙ্গ তথ্য সামনে আসবে।



