কালীনগর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে পঠন-পাঠন নিয়ে গুরুতর অভিযোগ, দুপুর ১২টার মধ্যেই ছুটি, ক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : বিদ্যালয়ে নিয়মিত পঠন-পাঠন হচ্ছে না। নির্ধারিত সময়ের আগেই পড়ুয়াদের ছুটি দিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন শিক্ষকরা। শুধু তাই নয়, মধ্যাহ্নভোজনের খাবার নিয়েও উঠেছে একাধিক অভিযোগ। হাইলাকান্দি শিক্ষা খণ্ডের অন্তর্গত ৮৫৫ নম্বর কালিনগর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা নিয়ে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে প্রতিদিন নিয়ম মেনে পঠন-পাঠন পরিচালিত হচ্ছে না। নির্ধারিত সময় পর্যন্ত ক্লাস চলার পরিবর্তে দুপুর ১২টার মধ্যেই পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এরপর বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকরা বাড়ি ফিরে যান বলে অভিযোগ। এর ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের।

এদিকে, বিদ্যালয়ের মধ্যাহ্নভোজনের ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সরকারি খাদ্যতালিকা অনুযায়ী প্রতি বুধবার পড়ুয়াদের খাবারের সঙ্গে ডিম দেওয়ার নিয়ম থাকলেও তা নিয়মিত মানা হচ্ছে না। মাঝেমধ্যে ডিম দেওয়া হলেও অধিকাংশ সময়েই নির্ধারিত খাদ্যতালিকা অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৯০ থেকে ৯৫ জন ছাত্রছাত্রী রয়েছে। তাঁদের পাঠদানের জন্য একাধিক শিক্ষক নিযুক্ত রয়েছেন। তা সত্ত্বেও বিদ্যালয়ের পঠন-পাঠন ও সামগ্রিক শিক্ষার পরিবেশের এমন অবনতি কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ বিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের বদলি করে নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। পাশাপাশি হাইলাকান্দি শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে বিদ্যালয়টি পরিদর্শন করে অভিযোগগুলির সত্যতা যাচাই করার আবেদন জানিয়েছেন তাঁরা। এই সমস্যার সমাধান না হলে বিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *