গণশিক্ষানীতি ২০২৬ প্রবর্তনের দাবিতে শিলচরে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘গণশিক্ষানীতি ২০২৬’ গ্রহণের দাবিতে গণস্বাক্ষর অভিযানের সূচনা হয়। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বুধবার বেলা ১১টায় সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিলচরের বিশিষ্ট সমাজকর্মী হরিদাস দত্তের স্বাক্ষর প্রদানের মধ্য দিয়ে কাছাড় জেলায় অভিযানের সূচনা করা হয়।

সংগঠনের জেলা সভাপতি তথা প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দের সভাপতিত্বে গণস্বাক্ষর অভিযানের পাশাপাশি ক্ষুদিরাম মূর্তির পাদদেশে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় কমিটির অন্যতম সহ-সভাপতি অধ্যাপক ড. অজয় রায় বলেন, “শিক্ষার সামগ্রিক বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ এবং সাম্প্রদায়িকীকরণের নীলনকশা—চূড়ান্ত জনবিরোধী ও শিক্ষাবিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির নেতৃত্বে এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান দেশব্যাপী চালিয়ে যাওয়া হচ্ছে। গত জানুয়ারি মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ঐতিহাসিক গণসংসদের মাধ্যমে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, বিজ্ঞানী, চিকিৎসক, আইনজীবীসহ সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে গৃহীত হয় বিকল্প শিক্ষানীতি—’গণশিক্ষানীতি ২০২৬’। ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকপত্রসহ বিকল্প শিক্ষানীতি ‘গণশিক্ষানীতি ২০২৬’ তুলে দেওয়া হয়েছে।” তিনি সবাইকে এই গণস্বাক্ষর অভিযান সফল করার আহ্বান জানান।

সংগঠনের কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি, অবসরপ্রাপ্ত বিষয়শিক্ষক সুব্রতচন্দ্র নাথ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “দেশে ২০২৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত এই গণস্বাক্ষর অভিযান চালানো হবে। শিক্ষা, সংস্কৃতি ও মানবতা আজ বিপন্ন। দেশে লক্ষাধিক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ বিজ্ঞান শিক্ষায় পরিবর্তন এনে শুধু বিজ্ঞানের কারিগরি দিক শেখাচ্ছে। অন্যদিকে, ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’-এর প্রবর্তনের নামে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও অবৈজ্ঞানিক ধ্যানধারণা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে দেশের ছাত্রসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন যে দেশের চিন্তাশীল ব্যক্তিদের নিয়ে তাই এই বিকল্প ‘গণশিক্ষানীতি ২০২৬’ তৈরি করা হয়েছে এবং এই গণস্বাক্ষর অভিযান সফল করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক শ্যামদেও কুর্মীসহ বিশিষ্ট সমাজকর্মী প্রবীর কুমার রায় চৌধুরী, আশিস চৌধুরী, আব্দুল রহমান লস্কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *