
১৮ নভেম্বর : পদক্ষেপ কেন্দ্রের। ভোপালের ICAR-NIHSAD তৈরি করল ভারতের প্রথম দেশীয় H5N1 বার্ড ফ্লু ভ্যাকসিন। ২০ নভেম্বর টিকার উদ্বোধন করবেন শিবরাজ সিং চৌহান। এটি বার্ড ফ্লুর জন্য ভারতে তৈরি প্রথম দেশীয় টিকা। মূলত পাখিদের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণের প্রকোপ দেখা যায়। তবে পাখির দেহ থেকে মানবদেহেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে। যদিও তার নজির খুবই কম। অনেক সময় সংক্রমিত মুরগির মাংস খেলেও বার্ড ফ্লুয়ের আশঙ্কা থেকে যায়।
সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্য থেকে বার্ড ফ্লুর খবর আসছে। তামিলনাড়ুর একাধিক পোলট্রিতে অন্তত ৫০,০০০ মুরগির মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, বার্ড ফ্লু-ই মৃত্যুর কারণ। কেরালার আলাপ্পুঝায় খামারে থাকা ২৬ হাজার কোয়েল, মুরগি, হাঁসের শরীরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তাদের মেরে ফেলা হতে পারে। নজরদারি বাড়ানো হয়েছে।

চলতি বছরের মে মাসে বার্ড ফ্লু ঘিরে আশঙ্কার পরিস্থিতি তৈরি হয় মহারাষ্ট্র ও কর্নাটকে। মহারাষ্ট্রেই প্রায় দেড় লক্ষ মুরগি মারার (culling) সিদ্ধান্ত নেয় প্রশাসন। সংক্রমণের জেরে কর্নাটকে মৃত্যু হয় প্রায় ৫০টি ময়ূরের। সেই আবহে এই টিকার খবর সামনে আসায়, নিঃসন্দেহে তা আশার আলো। খুশি পোলট্রি ব্যবসায়ীরাও। কারণ, বার্ড ফ্লুর কারণে পোলট্রি ব্যবসায়ীদের বিপুল লোকসানের মুখে পড়তে হয়।
খবর : এইসময় অনলাইন।




