
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হওয়া সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান মুক্তি পেলেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ বৈঠকের মাধ্যমে ওই জওয়ানকে বিএসএফের হাতে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে ঘটনাটি ঘটে। এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ জওয়ান। এরপর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বিছানাকান্দি বিওপির একটি টহলদল তাঁকে আটক করে। ওই সময় তাঁর সঙ্গে অস্ত্রও ছিল বলে জানিয়েছে বিজিবি।

আটকের পর বিএসএফ জওয়ানকে বিছানাকান্দি বিওপিতে নিয়ে গিয়ে বিজিবির হেফাজতে রাখা হয়। এরপর দুই দেশের সীমান্ত রক্ষীর ফ্ল্যাগ বৈঠক হয়।




