বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : সোনাই-সোনাবাড়িঘাট পূর্ত সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে সাম্প্রতিক পথ অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি নিয়ে মুখ খুললেন সোনাই-ধলাই টেরিটরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার বনজিৎ অধিকারী। সোমবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদকারীরা বিভাগীয় কার্যালয়ে কোনও ধরনের আল্টিমেটাম দেননি কিংবা যোগাযোগও করেননি। বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে কাজের অগ্রগতি এবং সমস্যার বিষয়টি তাঁদের জানানো সম্ভব হতো।
নির্বাহী বাস্তুকার বলেন, বিভাগ থেকে কোনও সদুত্তর না পেলে প্রতিবাদে সামিল হওয়ার অধিকার সকলেরই রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কোনও রকম যোগাযোগ না করে আচমকা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানানো দুঃখজনক।

তিনি জানান, চলতি বছরের প্রথমদিকে সোনাই-সোনাবাড়িঘাট সড়ক মেরামতের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বর্ষার মরসুম শুরু হওয়ায় সংস্কারকাজ করা সম্ভব হয়নি। এর পাশাপাশি সড়ক নির্মাণ ও মেরামতের কাজে ব্যবহৃত বিটুমেনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। আগে প্রতি কেজি বিটুমেনের দাম আনুমানিক ৩০ টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে ১০০ টাকারও বেশি হয়েছে। ফলে নির্ধারিত বরাদ্দের মধ্যে কাজ সম্পন্ন করতে ঠিকাদারদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

বনজিৎ অধিকারী আরও জানান, বিভাগীয় অনুরোধে সংশ্লিষ্ট ঠিকাদার আপাতত সড়কের গর্তগুলি মেরামত করে দিয়েছেন। আগামী মার্চ মাসের মধ্যে সোনাই-সোনাবাড়িঘাট সড়কের সংস্কারকাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে সোনাই-কাবুগঞ্জ এবং সোনাই-স্বাধীনবাজার সড়কের সংস্কারকাজও বর্তমানে চলছে বলে জানান নির্বাহী বাস্তুকার। এই দুটি সড়কের কাজও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেন তিনি।



